ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, জনতা-পুলিশ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদরের বোর্ডবাজারে আজ সোমবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় এক গার্মেন্টস কর্মী নিহত এবং ১০ জন পথযাত্রী আহত হওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে। পরে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ক্ষুব্ধ লোকজন রাস্তা অবরোধ করে। পুলিশ এসে বাধা দিলে লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। পুলিশের সঙ্গে জনতার পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। এ সময় লোকজন প্রায় ২৫টি যানবাহন ভাঙচুর করে এবং অন্তত ১৫টিতে আগুন দেয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। অবস্থার অবনতি হওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, অনাবিল পরিবহনের একটি বাস সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার নামক স্থানে রাস্তার পাশে অপেক্ষমাণ যাত্রীদের চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও ১০ জন আহত হয়। নিহত গার্মেন্টস কর্মীর নাম সুজন মিয়া (২২)। তিনি জয়দেবপুর থানার চৌরাস্তার প্রাইম সোয়েটারের কর্মী ও শেরপুর জেলার শ্রীবর্দী থানার সোলাবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে।আহত ব্যক্তিরা হলেন আজির মণ্ডল (৬০), সাবির মোল্লা (৬৫), আ. হালিম (৫৪), রফিকুল (২৯), নাসিরুদ্দিন (৪২), আ. গফুর (৫০), চায়না বেগম (২৫), রুবেল মিয়া (১৮), পারুল আক্তার (২০) ও মনোয়ারা বেগম (২৭)। তাঁদের সবাইকে স্থানীয় সুলতান হাসপাতালে ভর্তি করা হয়েছে।