ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে সিঅ্যান্ডবি বাজারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বাসের চাপায় একজন পুরুষ শ্রমিক নিহত হন। তাঁর নাম জানা যায়নি। তিনি স্থানীয় পোশাক-কারখানা ভিনটেক্সের কর্মী ছিলেন। সহকর্মী নিহত হওয়ার প্রতিবাদে ওই কারখানার সহস্রাধিক শ্রমিক বেলা সাড়ে ১১টা পর্যন্ত তিন ঘণ্টা মহাসড়কে অবস্থান করে। এ সময় যান চলাচল বন্ধ ছিল।স্থানীয় শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় ভিনটেক্সের শ্রমিককে চাপা দেয় এলিগেন পোশাক-কারখানার শ্রমিক বহনকারী একটি বাস। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে ভিনটেক্স পোশাক-কারখানার সহস্রাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। নাশকতার আশঙ্কায় মহাসড়কের যানবাহনগুলো নিরাপদ দূরত্বে সরে যায়। এতে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।শ্রমিকেরা জানান, সাত দিন আগেও একই জায়গায় ভিনটেক্স কারখানার আরেকজন শ্রমিক বাসের চাপায় আহত হন। ঘটনাস্থলে গতি প্রতিরোধক নির্মাণ না করা পর্যন্ত তাঁরা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।