ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, সড়ক অবরোধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ভালুকা উপজেলার নিশিন্দা এলাকায় নির্মাণাধীন একটি কারখানার নৈশ প্রহরী মোখলেছুর রহমান তরফদারসহ (৩৫) দুজন নিহত হয়েছেন।থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভালুকা উপজেলার নিশিন্দা এলাকায় সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাসের চাপায় মোখলেছুর ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার নিশিন্দা গ্রামের আফতাব উদ্দিন তরফদারের ছেলে। রাতের দায়িত্ব পালন শেষে তিনি বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ও বিভিন্ন কারখানার শ্রমিকেরা গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের ওই স্থানের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।অন্যদিকে বেলা সাড়ে ১১টায় একই মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় বাসের চাপায় ঘটনাস্থলেই অজ্ঞাত এক নারী পথচারী (৫০) নিহত হয়েছেন।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।