ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ প্রত্যাহার, দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজীর বাজারে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় বেলা দুইটায় তারা অবরোধ তুলে নেয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, আজ দুপুর ১২টায় ভালুকার হাজীর বাজারে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৪২৩) একটি মোটরসাইকেলকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শফিকুল ইসলাম (৪০) নিহত হন। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সমীর উদ্দীনকে (২৮) ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকেও মৃত ঘোষণা করেন। নিহতদের বাড়ি ভালুকা উপজেলার হবিবাড়ি ইউনিয়নের ঝালোপাজা গ্রামে। ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়। বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং গতিরোধকের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থেকে সিডাস্টোর বাজার পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।