ঢাকা যেভাবে বড় হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত চার দশকে ঢাকা মহানগরের জনসংখ্যা ও তার পরিসর অতি দ্রুত বেড়ে গেছে। এর আগে নগরায়ণ শুধু ঢাকার বন্যামুক্ত উঁচু এলাকায় সীমিত থাকলেও এ সময়কালে নগর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের দুর্বলতার সুযোগে ঢাকার চারপাশের নিচু কৃষিজমি, জলাভূমি, বনাঞ্চল ও বন্যাপ্রবণ এলাকায় নগরের পরিসরের বিস্তৃতি ঘটেছে। রাজধানীর জনসংখ্যায় প্রতিবছর যুক্ত হচ্ছে গড়ে সাড়ে তিন লাখ মানুষ। নগরায়ণ, শিল্পায়ন ও বসতির বিস্তারের কারণে প্রতিবছর আমরা প্রায় ৭২ হাজার হেক্টর কৃষিজমি হারাচ্ছি, যা খাদ্যনিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে। পুরো পৃথিবীর সব মানুষকে যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দিলে তার যে জনঘনত্ব দাঁড়াবে (প্রতি বর্গকিলোমিটারে ৬৩০ জন), বাংলাদেশের বর্তমান জনঘনত্ব তার চেয়ে দেড় গুণের বেশি (প্রতি বর্গকিলোমিটারে ৯৫০ জন)।ঢাকা মহানগর উন্নয়ন মহাপরিকল্পনা ও ডিটেইল এরিয়া প্ল্যানেও (ড্যাপ) এসব কৃষিজমি, জলাভূমি ও বন্যাপ্রবণ এলাকাকে রক্ষা করার প্রস্তাব দেওয়া আছে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে ড্যাপে মোট এক হাজার ৫২৮ বর্গকিলোমিটারের মধ্যে কৃষিজমি (২৭ দশমিক ২৭ শতাংশ), বন্যাপ্রবাহ (২৪ দশমিক ৭০ শতাংশ), গ্রামীণ বসতি (৯ দশমিক ৭৫ শতাংশ), জলাধার ও জলাশয় (৭ দশমিক ৪৮ শতাংশ) ও উন্মুক্ত এলাকা (শূন্য দশমিক ৯ শতাংশ) ইত্যাদির জন্য মোট প্রায় ৭০ শতাংশ ভূমি বরাদ্দ করা হয়েছে। আবাসিকসহ অন্যান্য কাজে ব্যবহারের জন্য বরাদ্দ রাখা হয়েছে বাকি ৩০ শতাংশ ভূমি। এর মধ্যে আবাসিক এলাকার জন্য রয়েছে ২৩ দশমিক ৬ শতাংশ, অর্থাৎ ৭৭ হাজার ৩৭৭ একর জমি। এ জমিতে পরিকল্পিতভাবে প্রায় পৌনে তিন কোটি মানুষের বসবাসের ব্যবস্থা করা যেতে পারে।ষাট ও সত্তরের দশকে নগর পরিকল্পনার কৌশল হিসেবে কখনো গ্রিনবেল্ট দিয়ে, কখনো বা স্যাটেলাইট টাউন তৈরি করে এশিয়াসহ সারা পৃথিবীতে অনেক মেট্রোপলিটন শহরের নগরায়ণ বৃদ্ধির হার কমানো চেষ্টা করা হয়েছে। শহরের ক্রমবিস্তার নিয়ন্ত্রণে ৬০ বছর আগে লন্ডনের চার পাশে গ্রিনবেল্ট তৈরি করা হয়েছিল। সেই গ্রিনবেল্টের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য কৃষি, মৎস্য চাষ, বনায়ন, বাগান, উন্মুক্ত স্থান, খেলার মাঠ ইত্যাদির জন্য ভূমি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য ছিল মূল শহরের ওপর চাপ কমানো, শহরের চারপাশে প্রাকৃতিক প্রতিরক্ষা দিয়ে শহরের রূপান্তরকে রোধ করা। ঢাকায় এ-জাতীয় উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। উত্তরাকে স্যাটেলাইট টাউন হিসেবে গড়ে তোলা হলেও এখন সেটা মূল শহরের ভেতরে। উত্তরা ও ঢাকার মাঝখানে কোনো প্রাকৃতিক পরিবেশ তো রক্ষা করা যায়ইনি, উল্টো শহরের আকার আরও বড় হয়ে স্যাটেলাইট শহর তৈরির উদ্দেশ্যই ব্যর্থ করে দিয়েছে।ঢাকা নগরের ওপর চাপ কমাতে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই। ঢাকার প্রান্তিক বিস্তার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া উচিত। ঢাকা শহরের ন্যূনতম ৫০ কিলোমিটারের মধ্যে, অর্থাৎ সহজ যোগাযোগের দূরত্বে রয়েছে গাজীপুর, শ্রীপুর, কাপাসিয়া, নরসিংদী, মুন্সিগঞ্জ, শ্রীনগর, দোহার, মানিকগঞ্জ, সিংগাইর, ধামরাই ও সাভারের মতো সম্ভাবনাময় ১২টি নগরকেন্দ্র। সমন্বিত আঞ্চলিক পরিকল্পনা করে চমৎকার যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা করে এই কেন্দ্রগুলোকে ঢাকা শহরের সঙ্গে যুক্ত করা সম্ভব। পৃথিবীর সব মহানগরে এ ব্যবস্থা আছে।উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপে ট্রানজিট ও ডেভেলপমেন্ট-পদ্ধতি (টিওডি) অবলম্বন করে এসব ছোট ও মাঝারি শহরগুলোয় আবাসিক এলাকা গড়ে তোলা যায়। সাধারণত রেলস্টেশন বা বাসস্টেশনকে ঘিরে এ ধরনের এলাকার পরিকল্পনা করা হয়। মূল শহরের সঙ্গে অন্যান্য শহরের যোগাযোগের জন্য দ্রুতগতিসম্পন্ন বাস বা ট্রেনের ব্যবস্থা করা যায়। এ ধরনের পরিকল্পনা ব্যক্তিগত মোটরগাড়ি ব্যবহারকে নিরুৎসাহিত করে। আমাদের দেশেও এ ধরনের ব্যবস্থা চালু করা যেতে পারে, তবে এ জন্য নগরকেন্দ্রগুলোকে পরিকল্পিতভাবে বড় শহরগুলোর সঙ্গে যুক্ত করে রেলওয়ে নেটওয়ার্ক ব্যাপকভাবে বাড়াতে হবে; সড়কগুলোয় থাকতে হবে চলাচলের নিরবচ্ছিন্ন সুবিধা। জনপদের আয়তন এমন হতে হবে, যাতে যেকোনো স্থান থেকে হেঁটে ১০-১২ মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছানো যায়। পাশাপাশি নগরকেন্দ্রগুলোকে ট্রানজিট ওরিয়েন্টেড করে উন্নয়ন করা যেতে পারে। ট্রানজিট স্টেশনগুলোকে ঘিরে নিবিড় উন্নয়ন হয় বলে ভূমির অপব্যবহার রোধ করা সম্ভব হবে।এ ব্যবস্থা সফল হলে: ১. ছোট ও মাঝারি শহরগুলোয় উন্নত যোগাযোগের কারণে বিনিয়োগ বাড়বে, ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে; ২. শহরগুলোয় ভূমির পরিকল্পিত ব্যবহার বাড়বে; ৩. দেশের প্রধান সড়কগুলোর ওপর যানবাহনের চাপ কমবে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ২০০৯-২০৩১ সালের আঞ্চলিক পরিকল্পনাতেও এ পদ্ধতিতে উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। ব্রিসবেনে নতুন জনপদ তৈরির ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। মনে রাখতে হবে, এ ধরনের শহরের জনঘনত্ব যেন প্রতি একরে কোনোভাবেই ৩০০-৩৫০ জনের বেশি না হয়। উন্মুক্ত স্থানও রাখতে হবে কমপক্ষে ৩০-৩৫ শতাংশ। ভবনগুলোর মাঝখানে আলো-বাতাস ঢোকার ও গাছপালা গজিয়ে ওঠার মতো যথেষ্ট জায়গা থাকতে হবে। প্রাকৃতিক পরিবেশ বিপন্ন করে এ ধরনের শহর গড়ে তোলা ঠিক হবে না। এলাকা ভূমিকম্পপ্রবণ হলে তা প্রতিরোধের জন্য প্রস্তুতিমূলক নকশা নিশ্চিত করতে হবে। ঢাকায় বর্তমানে ভবন তৈরির ক্ষেত্রে এফএআর পদ্ধতি প্রচলন করা হয়েছে। তাতে পুরো শহরের আবাসিক এলাকায় এর সূচক ধরা হয়েছে গড়ে ৩ থেকে ৩ দশমিক ৫। অথচ এর প্রস্তুতি ঢাকা শহরের কখনো ছিল না, এখনো নেই। এতে ঢাকার জনঘনত্ব আরও বেড়ে যাবে, অথবা উন্মুক্ত স্থান কমে যাবে।বনভূমি উজাড় করে, জলাশয় দখল করে শুধু ব্যক্তিগত লাভের আশায় যারা ভূমির যথেচ্ছ ব্যবহার করছে, তাদের জন্য জাতীয় নগরায়ণ কৌশল ও জাতীয় ভূমি ব্যবহার পরিকল্পনা করা জরুরি। সে পরিকল্পনা ও কৌশলের অংশ হিসেবে ঢাকা শহরের চারপাশের নিচু জলাভূমিগুলো রক্ষা করে একদিকে যেমন শহরের পরিসরের অনিয়ন্ত্রিত বিস্তার রোধ করা সম্ভব, অন্যদিকে পরিবেশগত ভারসাম্য রক্ষার মাধ্যমে স্বয়ংসম্পন্ন উন্নয়নের পথেও পা রাখা যায়।[email protected]আকতার মাহমুদ: সহযোগী অধ্যাপক, নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।