ঢাকা-রংপুর মহাসড়কে তীব্র যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকাল থেকে তীব্র যানজট বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে উত্তরবঙ্গ অভিমুখে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাস আজ দুপুরেও বগুড়ায় পৌঁছাতে পারেনি। মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সকাল থেকে বগুড়া শহরের দুটি বাইপাস সড়কেও তীব্র যানজট বিরাজ করছে। শহরের প্রথম বাইপাস সড়কের তিনমাথা রেলগেট, চারমাথা, মাটিডালি বিমান মোড়, মহাস্থান বাজার, চন্ডিহারা বাজার ও মোকামতলা বন্দর এবং দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রামে যানজটে পড়ে ঘরমুখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বগুড়া-ঢাকা পথে চলাচলকারী শাহ ফতেহ আলী পরিবহনের চালক ফারুক হোসেন বলেন, গতকাল সন্ধ্যা সাতটায় রাজধানীর মহাখালী থেকে বাস নিয়ে তিনি রওনা হন। ১৮ ঘণ্টা পর আজ বেলা একটায় তিনি বগুড়ায় পৌঁছেছেন। আশুলিয়া, বাইপাইল, কালিয়াকৈর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু, সিরাজগঞ্জ মোড়সহ পথে পথে দীর্ঘ যানজটে পড়তে হয়েছে তাঁকে।শাহ ফতেহ আলী পরিবহনের পরিচালক আমিনুর রহমান বলেন, যানজটের কারণে বাসের সময়সূচি পুরোপুরি ভেঙে পড়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে যাওয়া কোনো বাসই এখনো রাজধানীতে পৌঁছাতে পারেনি বলে জানান তিনি।বগুড়ায় যানজটে আটকা পড়া এসআর পরিবহনের একটি বাসের যাত্রী সুজানা ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাত নয়টার এই বাসটি ছেড়েছে চার ঘণ্টা পরে। অনেক ভোগান্তির পর বেলা একটায় বগুড়া পর্যন্ত আসতে পেরেছি। যানজটের যে অবস্থা তাতে মনে হয় না সন্ধ্যার আগে রংপুর পৌঁছাতে পারব।’বগুড়ার ট্রাফিক পুলিশের সার্জেন্ট নাহিদ পারভেজ বলেন, রাজধানী ছেড়ে কয়েক হাজার বাস একসঙ্গে উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে আসায় মহাসড়কজুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। বগুড়ায় দুটি বাইপাস সড়ক ছাড়াও শহরের ভিতর দিয়ে রংপুর-দিনাজপুরগামী বেশ কিছু বাস ঢুকে পড়ছে। এর ফলে যানজট সামাল দিতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।