ঢাকা রাজধানী সোনারগাঁওয়ে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাকে রাজধানী ঘোষণা করার ফলে সুবর্ণ গ্রাম বা সোনারগাঁওয়ের সাধারণ মানুষের মধ্যে চাপা সন্তোষ থাকলেও সেখানকার শাসক, বণিক ও উঁচুস্তরের মানুষের মধ্যে ব্যাপক হতাশা লক্ষ করা গেছে। সোনারগাঁওয়ের রাজনৈতিক ও সামাজিক অবস্থা কয়েক বছর ধরে কিছুটা বিশৃঙ্খল। চাঁদপুর ও ত্রিপুরার রাজাদের আক্রমণে সোনারগাঁওয়ে কিছুকাল যাবত্ এখানে ব্যাপক অস্থিরতা বিরাজ করছিল। অন্যদিকে নৌপথের আশপাশে পর্তুগিজ ও মগদের যৌথ আক্রমণ, হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগে এই জনপদের অধিবাসীরা বহুদিন ধরেই দিশেহারা। ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ ও শিল্পকারখানায় বিরাজ করছিল চরম দুর্যোগ। মোগল রাজ বহুদিন ধরে এ অঞ্চল অধিকার করে এখানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে আসছিলেন। সম্প্রতি ইসলাম খান চিশতিকে সুবা বাংলার নতুন সুবাদার করে ঢাকায় পাঠানোর পেছনেও তাঁদের এ উদ্দেশ্য কাজ করেছে। নতুন সুবাদার সোনারগাঁওকে মুক্ত রাখার অভিপ্রায়ে উপদ্রুত অঞ্চলের মধ্যভাগে অবস্থিত ঢাকাকে রাজধানী ঘোষণ করেছেন। এই সংকল্প অনুযায়ী ইতিমধ্যে তাঁর দপ্তর ও আমলাদের জন্য স্থাপনা গড়ার কাজ শুরু হয়েছে। এসব বিষয়কে সোনারগাঁওয়ের শাসক, বড় বণিক ও রইস মানুষেরা মোটেই প্রসন্ন চোখে দেখছেন না।একমাত্র জগদ্বিখ্যাত মসলিন বোনার তাঁতিপাড়া ও কার্পাস তুলার আড়তে নতুন বাণিজ্যের সম্ভাবনায় চাপা খুশির আভাস মিলেছে। কিন্তু সোনারগাঁওয়ের গৌরবের সূর্য অস্ত যাওয়ার শঙ্কায় চালের আড়ত বা সুগন্ধী মসলার পাইকারি দোকান থেকে সোনালি হেরেমের নায়িকাদের মিনাবাজার— সর্বত্রই দেখা গেছে প্রাণস্পন্দনের অভাব। আকালিয়া খালের তীরে দেওয়াগবাগ হাটেও গতকাল হাটুরেদের মুখে মুখে ছিল একই আলোচনা।কাঁচা টংকার ঝনঝনানি আর আতর-মেশকাত-জাফরানের গন্ধে মৌ মৌ সওদাগরির সঙ্গে যুক্ত মানুষের মনে এখন একই জিজ্ঞাসা, এখানকার বন্দরে কি আর নোঙর করবে শ্যামদেশ, সিংহল, সুমাত্রা, মালয় বা যবদ্বীপের বাণিজ্য জাহাজ? নাবিক আর সওদাগরদের আগমনে রাতের সরাইখানায় নর্তকিদের নৃত্য, ওস্তাদদের গজল কি থেমে যাবে? রাজধানী ঘোষণার কয়েক দিনের মধ্যেই সোনারগাঁওবাসীর কাছে ঢাকা যেন প্রবল প্রতিপক্ষ হয়ে উঠেছে। মোগরাঘাটের একজন কার্পাস পাইকার বললেন, ‘চাষ তো হবে, তুলাও বেচব, ঢাকায় নতুন বাণিজ্য হবে। কিন্তু আমাদের এই ঘাটে কি আর বিক্রিবাট্টা তেমন জমবে? সওদাগরেরা তো এখনই বুড়িগঙ্গায় বাণিজ্য জাহাজ ভেড়ানোর পাঁয়তারা করছে। সোনারগাঁওয়ের দিন বুঝি গেল!’ তাঁতিপাড়ার কারিগর কার্তিক বিশ্বাসের বক্তব্যেও ধ্বনিত হলো একই সুর। এলাহাবাদের সুন্দরী হুসনা বাঈজি তাঁর বাঘবন্দী খেলা থামিয়ে বললেন, ‘আমরা তো নেচে-গেয়েই কামাই। যেখানে মজমা জমবে, সেখানেই যাব। কিন্তু ঢাকা রাজধানী হয়েছে তো কি, পানামের কোনো তুলনা নাই।’