ঢাকা শহর ভূমিকম্পের উৎস হবে না
পুরো দেশকে কাঁপিয়ে দেওয়া ১৮ সেপ্টেম্বরের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিকিম। তাই ঢাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। নগরের ঝুঁকিপূর্ণ ও ঐতিহ্যবাহী ভবন, ভূমিকম্পের ঝুঁকি ও তা মোকাবিলায় নানা উদ্যোগ নিয়ে কথা হয় ভূমিকম্প ও নগর নিরাপত্তাবিষয়ক গবেষক এবং বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহম্মদ আনসারীর সঙ্গে।ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি কেমন?মেহেদী আহম্মদ আনসারী: অতীতে ঘটা ভূমিকম্পের ধারাবাহিক কোনো রেকর্ড আমাদের দেশে নেই। তাই বিচ্ছিন্ন তথ্য দিয়ে ভূমিকম্প হওয়ার বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে এটা স্পষ্ট করে বলা যায়, ঢাকা শহর ভূমিকম্পের উৎস হবে না। সিলেট, টাঙ্গাইল বা ভারতের আসামে ঘটা ভূমিকম্পে ঢাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।নগরের ঐতিহ্যবাহী ভবনগুলো কতটুকু ঝুঁকিতে আছে?মেহেদী আহম্মদ আনসারী: ১৮৯৭ সালে ঘটা ভূমিকম্পে ঢাকার আহসান মঞ্জিলের একটি অংশ ভেঙে পড়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক পুরোনো ভবন। বড় মাত্রার ভূমিকম্পে ঐতিহাসিক ও পুরোনো ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি খাটো করে দেখা উচিত হবে না। যেসব পুরোনো ভবন সম্প্রসারণ করা হয়েছে বা দু-একটি তলা বাড়ানো হয়েছে, সেগুলোও ঝুঁকিতে রয়েছে। ঐতিহ্যবাহী ভবনগুলো কি ঝুঁকিমুক্ত করা সম্ভব?মেহেদী আহম্মদ আনসারী: ঐতিহাসিক ও পুরোনো ভবনগুলো ভূমিকম্প থেকে বাঁচানোর জন্য মজবুত করা যেতে পারে। এতে খরচ অনেক বেশি। আশার কথা হচ্ছে, সরকার ইতিমধ্যে বেশ কিছু ভবন মজবুতকরণের উদ্যোগ নিয়েছে।পুরকৌশল ও ভূমিকম্প বিশেষজ্ঞ হিসেবে ১৮ সেপ্টেম্বরের ভূমিকম্পকে কীভাবে দেখছেন?মেহেদী আহম্মদ আনসারী: গত সপ্তাহে ঘটা ভূমিকম্পটি সামান্য কিছু ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে শেষ হয়েছে। সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই ঘটনাটি দেখছে। তবে কোনো একটি ভবনের কাঠামোর ভেতর কী হচ্ছে বা ভবনের কোনো ক্ষতি হয়েছে কি না, এটা খতিয়ে দেখা দরকার। দেশে ভূমিকম্প নিয়ে বেশ কিছু গবেষণাপ্রতিষ্ঠান কাজ করছে। সেই সব প্রতিষ্ঠানের পক্ষে বিচ্ছিন্নভাবে এত সব কাজ সামাল দেওয়া কঠিন। তাই এ বিষয়ে সমন্বিত কিছু উদ্যোগের প্রয়োজন রয়েছে।মৃত্যুপুরীতে বসবাস!ভূমিকম্পের পর গুজব আর আতঙ্ক ছড়িয়ে পড়ে শাঁখারীবাজারেও। শাঁখারীবাজারের সরু গলিপথে নেমে আসে আশপাশের ভবনের বাসিন্দারা। শাঁখারীবাজারের বাসিন্দা মলয় ভৌমিক জানান, একটা বড় ভূমিকম্পের অভিজ্ঞতা হলো। আসলে ভূমিকম্প যতটা সময় নিয়ে হয়েছে, তার চেয়ে বেশি রটেছে গুজব। গুজবে অনেকে সারা রাত না ঘুমিয়ে কাটিয়েছে। ভয়ের কারণও আছে, ২০০৪ সালের আগস্ট মাসে এই শাঁখারীবাজারেই ভবন ধসে মারা যায় ১৭ জন। ১৮ সেপ্টেম্বরের ভূমিকম্পের পর পেরিয়ে গেছে অনেকটা সময়। কিন্তু সূত্রাপুরের ওয়াল্টার রোডের ১৭/১ নম্বর বাড়ির কাছে আতঙ্কিত মানুষের ভিড়। ভূমিকম্পে চারতলা এই বাড়িটি হেলে পড়েছে পাশের একটি ভবনে। হেলে পড়া বাড়িটির মালিক ঢাকা সিটি করপোরেশন। ভবনটি বানানো হয়েছে ডিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের আবাসস্থল হিসেবে। ২০ সেপ্টেম্বর দুপুরে সেখানে গিয়ে দেখা গেল, বাড়ির বাসিন্দাদের সভা চলছে। সেদিনই বাড়িটি বসবাসের উপযুক্ত নয় বলে নোটিশ টাঙিয়েছে ডিসিসি। এই নোটিশে বাড়ির বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ, বাড়ির ভেতরে থাকা ডিসিসির কর্মচারীদের জন্য বিকল্প আবাসনের কথা চিন্তা না করে কেন বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হলো?যে বাড়ির ওপর ডিসিসির এই ভবন হেলে পড়েছে, সেটির বাসিন্দারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। বাড়িটির নাম প্রকাশে অনিচ্ছুক মালিকপক্ষের একজন বলেন, ‘সরকারি ভবনটি আমাদের বাড়ির ওপর হেলে পড়ল। ওই বাড়ির নির্মাণত্রুটির খেসারত দিতে হলো আমাদেরও।’এদিকে পুরান ঢাকার শাঁখারীবাজার, সূত্রাপুর, বানিয়ানগর, লক্ষ্মীবাজার, মালিটোলা, গোয়ালনগর, উত্তর মৈশুণ্ডীতেও রয়েছে শতবর্ষী অনেক ভবন। সূত্রাপুরের ঠাকুর দাস লেন ঘুরে দেখা গেছে, এলাকার বেশির ভাগ ভবনই জীর্ণ। ভূমিকম্পের পর আতঙ্কও বেড়েছে এখানে। ঠাকুর দাস লেনের বাসিন্দা তনিমা সাহা বলেন, ভূমিকম্পের পর আতঙ্ক ছিল সারা রাত। নানা রকম গুজব ছড়িয়েছে ঠাকুর দাস লেনে। শেষ পর্যন্ত তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি।এদিকে সূত্রাপুরের রেবতী মোহন দাস রোডের ৭৪ নম্বর বাড়ির বাসিন্দা শাহজাহান আলী বলেন, ভূমিকম্পের পর সারা রাত নানা গুজবের মধ্যে কাটাতে হয়েছে। হঠাৎ হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। —ঢাকায় থাকি প্রতিবেদক