ঢাকা শহরের যানজট দূর করতে দরকার সমন্বিত উদ্যোগ। এখনি দীর্ঘমেয়াদি পরিকল্পনা না করলে ঢাকা শহরের যানবাহন পরিস্থিতি দিন দিন আরও খারাপ হবে। আজ শনিবার প্রথম আলোর কার্যালয়ে ‘রাজধানী ঢাকা: যানজট ও জনদুর্ভোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। সকাল সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়ে বেলা একটা ৩০ মিনিটে শেষ হয়।গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান, নগর পরিকল্পনাবিদ সরওয়ার জাহান, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক আলমগীর মজিবুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক, বিআরটিএর পরিচালক তপনকুমার সরকার, নগর-গবেষক সালমা এ শফি, রাজউকের পরিচালক মোহাম্মদ জহুরুল হক, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।বক্তারা বলেন, ঢাকায় রাস্তা কম—এ সমস্যাটি মুখ্য নয়। ব্যবস্থাপনাই এখানে মূল ব্যাপার। শহর উন্নয়নের কোনো মূল ব্যবস্থা এত দিন নেওয়া হয়নি। পরিবহনব্যবস্থা এখানে মুক্তবাজার অর্থনীতির মতো। নিয়ম না মানার একটা সংস্কৃতি গড়ে উঠেছে। প্রতিদিন ঢাকা শহরে ১৮০টি নতুন গাড়ি নামছে। এসব গাড়ি রাস্তায় ভয়াবহ যানজট তৈরি করছে। ছোট গাড়ি নিয়ন্ত্রণ এখন জরুরি হয়ে পড়ছে।