ঢাকা সফরে আসছেন চীনের ভাইস প্রেসিডেন্ট
আগামী ১৪ জুন বাংলাদেশ সফরে আসছেন চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর এ সফরকালে ঢাকা-বেইজিং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে বাংলাদেশকে চার কোটি ইউয়ান ঋণসহায়তা দেওয়ার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। তাঁর এ সফরের সময় গত মার্চে দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে নেওয়া সিদ্ধান্ত কতটা বাস্তবায়িত হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ঝ্যান শিয়াংয়ি সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের সময় বেশ কয়েকটি চুক্তি সইয়ের প্রক্রিয়া চলছে। এই সফর উপলক্ষে দূতাবাসে আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।এক প্রশ্নের উত্তরে ঝ্যাং বলেন, চীন চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর নির্মাণে সহায়তা দিতে আগ্রহী। বেইজিং এ ব্যাপারে বাংলাদেশের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবের অপেক্ষায় আছে।জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ফিরতি সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং। সফরকালে তিনি রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ ও সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।