প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক গতকাল মঙ্গলবার দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে উভয় দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহ ব্যক্ত করেছেন। দুই নেতা গতকাল সকালে সিউলে প্রেসিডেন্ট ভবনে ঘণ্টাব্যাপী এক শীর্ষ বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। এদিকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই করেছে। খবর বাসস ও ইউএনবির।শীর্ষ বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং আর্থসামাজিক সহযোগিতার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কোরিয়ার প্রেসিডেন্ট বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গত বছর বাংলাদেশ সন্তোষজনক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করায় শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন।কোরীয় প্রেসিডেন্ট শেখ হাসিনাকে জানান, বাংলাদেশে ১৫০টি কোরীয় কোম্পানি পরিচালিত হচ্ছে। তারা অন্তত এক লাখ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। গতকাল সিউলে অনুষ্ঠিত এসকাপের মন্ত্রী পর্যায়ের ৬৬তম বৈঠকে শেখ হাসিনার দেওয়া ভাষণের প্রসঙ্গ উল্লেখ করে কোরীয় প্রেসিডেন্ট বলেন, তাঁর এ ভাষণে জলবায়ুর পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য আসন্ন জি-২০ বৈঠকে করণীয় সম্পর্কে নীতিগত দিকনির্দেশনা তুলে ধরা হয়েছে। দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই: বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক সই করেছে। গতকাল সিউলে প্রেসিডেন্টের কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাকের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব চুক্তি সই হয়। উভয় নেতা চুক্তি সই প্রত্যক্ষ করেন। অর্থনৈতিক উন্নয়ন তহবিল ঋণ ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বিষয়ে দুটি চুক্তি এবং জ্বালানি সহযোগিতা ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হয়।বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও কোরিয়ার বিদেশ ও বাণিজ্যবিষয়ক মন্ত্রী ইউ মিয়াং হুয়ান অর্থনৈতিক উন্নয়ন তহবিল ঋণবিষয়ক চুক্তিতে সই করেন। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস ও কোরিয়ার নলেজ অ্যান্ড ইকোনমি-বিষয়ক ভাইস মিনিস্টার কিম ইয়ং হাক জ্বালানি সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারকে সই করেন।এ ছাড়া উভয় দেশ গতকাল সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বিষয়ে একটি চুক্তি এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে।যৌথ ইশতেহার: বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া পারস্পরিক স্বার্থে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। গতকাল সিউলে এক যৌথ ইশতেহারে এ কথা বলা হয়।ইশতেহারে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দক্ষিণ কোরিয়া তার অঙ্গীকার অব্যাহত রাখার কথা উল্লেখ করেছে। এ ছাড়া দুই দেশই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার ও বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছে।বাংলাদেশের পক্ষ থেকে প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তির (এপিটিএ) আওতায় ও স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে কিছু পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুমতি চাওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। বাংলাদেশের জ্বালানি, যোগাযোগ, পরিবহন, শিল্প ও অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য কোরিয়াকে স্বাগত জানানো হয়।কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) মতো আরও প্রকল্প গ্রহণ করতেও দুই পক্ষ রাজি হয়েছে।প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজ: গতকাল সিউলে চুং ওয়া দায়ে প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি মিয়ুং-বাক এক মধ্যাহ্ন ভোজসভার আয়োজন করেন। এ সময় শেখ হাসিনা তাঁর বক্তব্যে ঢাকা ও সিউলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে দক্ষিণ কোরীয় সরকারের গভীর সংশ্লিষ্টতার প্রশংসা করেন। দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের বিশেষ বন্ধু হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কেআইসিএ) দারিদ্র্য বিমোচন প্রচেষ্টা, অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডে অব্যাহতভাবে আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়ে যাচ্ছে।মালয়েশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়ায় তিন দিনের সফর শেষে গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন। সেখানে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে কোরিয়ান এয়ারলাইনসের একটি বিমান গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মালয়েশিয়ার বনায়নবিষয়ক মন্ত্রী বার্নাড ডম্পক বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে মালয়েশিয়ার তিন বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। পরে আনুষ্ঠানিকভাবে তাঁকে সুসজ্জিত একটি মোটর শোভাযাত্রা সহকারে হোটেল ইস্তানায় নেওয়া হয়। মালয়েশিয়া সফরকালে তিনি এ হোটেলেই থাকবেন। প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ১৫ মে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী আজ বুধবার মালয়েশিয়ায় ষষ্ঠ অর্থনৈতিক ফোরামে এক বিশেষ ভাষণ দেবেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন।