ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনিশ্চিত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে আমাদের একটা সুবিধা আছে, তা হলো সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সিটি করপোরেশন নির্বাচনে আমরা অন্য লোকের ফরমায়েশে কাজ করি। এই নির্বাচনের যা অনুষঙ্গ, এইগুলোর কোনোটার মধ্যেই আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’ আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কার্যালয়ে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘প্রথম কিন্তু মন্ত্রণালয় থেকে বলা হলো আমরা নতুন যে দুইটা ওয়ার্ড করেছি, এই নির্বাচনে তার প্রয়োজন নেই। এখন সরকার বলছে যে না, আইনি মতামত হচ্ছে যে লিমিটেশন করেই করতে হবে। আমাদেরও কিন্তু তা-ই মতামত ছিল, কিন্তু তখন গ্রাহ্য করেনি।’শামসুল হুদা আরও বলেন, ‘সরকার, রাজনৈতিক দল, বিরোধী দল এখন কেউ যদি আমাদের সাথে সেইভাবে কো-অপারেট না করে তাহলে আমার আর কিছু বলার নেই। কিন্তু (উই ট্রাই আওয়ার বেস্ট) আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত (উই আর রেডি টু হোল্ড দ্য ইলেকশন)। কিন্তু এখন একটার পর একটা সমস্যা দাঁড়িয়ে গেলে এটা তো আমাদের পক্ষে সমাধান দিতে হবে।’ উল্লেখ্য, আগামী ৩১ মে নির্বাচনের তারিখ নির্দিষ্ট করা হয়েছিল। ১৮ এপ্রিল তফসিল ঘোষণার কথা থাকলেও এখন বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে এবং নির্বাচন কমিশন সিদ্ধান্তহীনতায় ভুগছে।