ঢাকা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) মেয়রের স্থলে প্রশাসক নিয়োগ করা হতে পারে। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন সংশোধনের পরিকল্পনা করা হয়েছে। সংশোধিত আইনে সিটি করপোরেশনে পাঁচ বছরের মেয়াদ শেষে নির্বাচিতদের পদের স্বাভাবিক অবসানের এবং মেয়রের স্থলে সরকার মনোনীত একজনকে প্রশাসক নিয়োগের সুযোগ রাখার বিধান করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত আইনের খসড়া তৈরি করেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির গতকাল রোববারের সভায় ওই খসড়া কমিটির সদস্যদের দেওয়া হয় এবং এ সম্পর্কে তাঁদের মতামত জানতে চাওয়া হয়। সভায় উপস্থিত বিএনপির একমাত্র সদস্য আবুল খায়ের ভূঁইয়া এ ধরনের সংশোধনীর প্রতিবাদ জানান। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধির জায়গায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা অগণতান্ত্রিক। এটা করা উচিত হবে না। মেয়াদোত্তীর্ণ ঢাকা সিটি করপোরেশনে নির্বাচন না করে প্রশাসক নিয়োগের চিন্তা অগণতান্ত্রিক।তবে কমিটির সভাপতি রহমত আলী এ সময় বলেন, শুধু ঢাকা সিটি করপোরেশন নয়, মেয়াদোত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বিধান করার জন্য সংশোধনী প্রয়োজন। তাহলে ঢাকার মেয়রের মতো পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে কেউ আট বছর ক্ষমতায় থাকতে পারতেন না। দুর্নীতিও এত হতো না। তাঁকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।সভায় উপস্থিত স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সিটি করপোরেশন আইনের খুঁটিনাটি কিছু সংশোধন ও পরিমার্জন করা প্রয়োজন। জাতীয় সংসদ ভবনে এই সভা হয়।সূত্র জানায়, ওই বিধান করার জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৬ অনুচ্ছেদ সংশোধন করা হবে। এর ফলে পাঁচ বছর মেয়াদ শেষ হলে পূর্ববর্তী পরিষদের আপনা-আপনি অবসান হবে এবং পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন হবে। এই অন্তর্বর্তী সময়ের জন্য স্থানীয় সরকার বিভাগ প্রশাসনিক আদেশ দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করতে পারবে। প্রশাসকের মেয়াদও ওই চিঠিতে উল্লেখ থাকবে। বর্তমান আইন অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার পর নবনির্বাচিত সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত মেয়র দায়িত্ব পালন করবেন।জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী গত রাতে প্রথম আলোকে বলেন, মেয়াদোত্তীর্ণ হলেই প্রশাসক নিয়োগের বিধান করে আইন সংশোধনের পরিকল্পনা করা হয়েছে।ডিসিসির মেয়রের কাজে ক্ষোভ: সূত্র জানায়, কমিটির সভায় ডিসিসির মেয়র সাদেক হোসেন খোকার কাজে ক্ষোভ ও নিন্দা জানানো হয়। অভিযোগ করা হয়, কমিটি কয়েক দফা চিঠি দিলেও সিটি করপোরেশন থেকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়নি।রহমত আলীর সভাপতিত্বে সভায় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নূর-ই-আলম চৌধুরী, আবুল খায়ের ভূঁইয়া, এ কে এম মোস্তাফিজুর রহমান এবং মোস্তফা জালাল মহিউদ্দিন অংশ নেন। সভায় মেয়রের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে বলা হয়।ওয়াসাকে দুই ভাগ করার সুপারিশ: সভায় জনগণকে সেবা দেওয়ার সুবিধার্থে ঢাকা ওয়াসাকে দুই ভাগে ভাগ করার সুপারিশ করা হয়। বর্তমানে বিদ্যমান লাইনগুলো নিয়ে পুরোনো ওয়াসা এবং নতুন এলাকাগুলোর জন্য নতুন ওয়াসা এলাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়।সভায় জানানো হয়, ঢাকা ওয়াসার সুয়ারেজ লাইন নির্মাণের একটি মাস্টার প্লান তৈরি করা হয়েছে এবং আগামী জানুয়ারি থেকে বিশ্বব্যাংকের সহায়তায় এটি বাস্তবায়ন করা হবে। এ পরিকল্পনায় ঢাকা ওয়াসাকে মোট ১১টি ভাগে বিভক্ত করে প্রতিটি জোনকে এক একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিটের মর্যাদা দেওয়া হবে। ঢাকা ওয়াসা তত্ত্বাবধায়কের ভূমিকা পালনের মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করবে।