ঢাকা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ হচ্ছে না: আশরাফ
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এ মুহূর্তে ঢাকা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। এখানে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। আজ বুধবার জাতীয় সংসদে মহিলা আসনের সাংসদ মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ।২০০৭ সালের মে মাসে ডিসিসির মেয়রের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এখনো এ নির্বাচনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।মন্ত্রী বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন বিলম্বের সুনির্দিষ্ট কোনো কারণ নেই। ঢাকা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের সকল নির্বাচন করার এখতিয়ার নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন যথাসময়ে এই নির্বাচনের উদ্যোগ নেবে।’ এ মুহূর্তে ঢাকা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগেরও পরিকল্পনা সরকারের নেই বলে উল্লেখ করেন তিনি।সৈয়দ আশরাফ জানান, দেশের সব স্থানীয় সরকারের নির্বাচন পর্যায়ক্রমে সম্পন্ন হচ্ছে। সম্প্রতি সব পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। তা ছাড়া সারা দেশে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় এরই মধ্যে উপকূলীয় ১২টি জেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।আসমা জেরিন ঝুমুর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর ঢাকা শহরের পানির চাহিদা পূরণের লক্ষ্যে এ পর্যন্ত ৬৪টি গভীর নলকূপ স্থাপন এবং ৭৫টি নলকূপ প্রতিস্থাপন করেছে। ফলে পানির উত্পাদন ২৫ থেকে ৩০ কোটি লিটার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ঢাকা ওয়াসা ৫৭৫টি গভীর নলকূপ এবং চারটি পানি শোধনাগারের মাধ্যমে দৈনিক ২০৬-২১০ কোটি লিটার পানি সরবরাহ করছে।এ ছাড়া বর্তমান সরকারের আমলে ১৫০ কিলোমিটার নতুন পানির লাইন নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।