ঢাকা সিটি নির্বাচনে আগ্রহ নেই সরকারি দলের
জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কোনো নির্বাচন করতে চায় না সরকারি দল। ফলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তি জানিয়েছেন, সদ্য সমাপ্ত চার সিটি করপোরেশন নির্বাচনে শোচনীয় পরাজয়ের কারণে হতাশ হয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ফলে ঢাকা সিটি নির্বাচনে আগ্রহ দেখাচ্ছেন না তাঁরা। এমনকি সম্ভাব্য প্রার্থীদেরও কোনো আগ্রহ নেই।সীমানাসংক্রান্ত মামলা-মোকদ্দমায় দীর্ঘদিন ধরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে না। সম্প্রতি মামলার বিষয়টি নিষ্পত্তি হলে এ নির্বাচনের বাধা অপসারিত হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ সম্প্রতি সাংবাদিকদের বলেছিলেন, ঈদুল ফিতরের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে গতকাল যোগাযোগ করা হলে নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, এ ক্ষেত্রে নানা ধরনের জটিলতা রয়েছে।আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানায়, চার সিটি করপোরেশন নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রীরা দফায় দফায় অনানুষ্ঠানিক বৈঠক করছেন। ব্যাপক উন্নয়নকাজ সত্ত্বেও সরকারি দলের চার প্রার্থীই কেন পরাজিত হলেন, এর কারণ খোঁজার চেষ্টা করছেন তাঁরা। জাতীয় নির্বাচনের আগে এ রকম ফল দেখতে প্রস্তুত ছিলেন না নেতারা। তবে ক্ষমতার বাইরে থাকা আওয়ামী লীগের একটি অংশ এতে বিস্মিত হয়নি। এ ধরনের ফলাফল যে হবে, আগে থেকেই তা আঁচ করতে পারছিলেন বলে ওই অংশের একাধিক নেতা জানিয়েছেন।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে নিজ কার্যালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় শেখ হাসিনা বলেন, দলীয় নেতা ও প্রার্থীরা এ নির্বাচন নিয়ে অতি আত্মবিশ্বাসী ছিলেন। ফলে যেভাবে নীতি-কৌশল নিয়ে নির্বাচনে অংশ নেওয়া দরকার ছিল, সেভাবে হয়নি। তবে দলীয় প্রার্থীদের অবস্থান যে অতটা ভালো ছিল না, সে খবর জানা ছিল। অনানুষ্ঠানিক বৈঠকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়েও আলোচনা হয়। এখানে বিদ্রোহী প্রার্থী ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর আলমের প্রার্থিতা প্রত্যাহার করানোর জন্য একজন জ্যেষ্ঠ মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতিও আলোচনায় আসে। শেখ হাসিনা এ সময় ওবায়দুল কাদেরকে দেশের বিভিন্ন অঞ্চল সফরের সময় সে এলাকার সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে তাঁর কাছে প্রতিবেদন দিতে বলেন। বৈঠকে দলকে সাংগঠনিকভাবে চাঙা করার ব্যাপারেও আলোচনা হয়।অবশ্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের মধ্যে অনাগ্রহের বিষয়টি ব্যাপারে কেউ গণমাধ্যমের কাছে মন্তব্য করতে রাজি হননি।