ঢাকা সিটি নির্বাচনের ব্যাপারে ঈদের পর সিদ্ধান্ত
ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন আপাতত হচ্ছে না। তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত পর্যাপ্ত সময় না থাকায় এবং নতুন ঘোষিত ৫৭ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা বিন্যস্ত না থাকায় নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নিয়েছে। তবে ঈদের পর আগস্টে তফসিল ঘোষণা করে সেপ্টেম্বরে ডিসিসির নির্বাচন করার পরিকল্পনা কমিশনের আছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় শুরু হয়ে দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, রমজানের আগে ঢাকার দুই সিটিতে নির্বাচন করার মতো সময় হাতে নেই। কমিশন সচিবালয় সূত্র জানায়, আজ তফসিল ঘোষণা করে ৭ জুলাই ভোটের দিন নির্ধারণ করলে মাঝে ৩২ দিন সময় থাকে। এ সময়টুকু প্রার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট নয়। এ ছাড়া, সুলতানগঞ্জের ১৩টি এলাকা নিয়ে ৫৭ নম্বর ওয়ার্ড ঘোষণা করা হলেও এই ওয়ার্ডের এলাকাভিত্তিক ভোটার তালিকা গতকাল পর্যন্ত চূড়ান্ত হয়নি। এ দুটি বিষয় বিবেচনায় নিয়ে কমিশন ডিসিসিতে আপাতত নির্বাচন না করার সিদ্ধান্ত নেয়। সূত্র জানায়, বৈঠকে কমিশন সচিবালয় থেকে এই সময়ের মধ্যে নির্বাচন না করার পক্ষে মত দেওয়া হয়। গত ২২ মে ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল। এর আগে ১৯ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ডিসিসি নির্বাচনের তাগিদ দিয়ে কমিশনকে চিঠি দেওয়া হয়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় সুলতানগঞ্জ ইউনিয়নকে ঢাকা দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত করার পর এর সীমানা বিন্যাস করে ওয়ার্ড নম্বর না দেওয়ায় কমিশন নির্বাচন করতে অস্বীকৃতি জানায়। পরে ৩০ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় ৫৭ নম্বর ওয়ার্ডের সীমানা বিন্যাস করে গেজেট প্রকাশ করে। তবে ৩ মে কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানায়, মন্ত্রণালয় ৫৭ নম্বর ওয়ার্ডের সীমানা বিন্যাস করলেও ওয়ার্ডটিকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের তফসিলে অন্তর্ভুক্ত করেনি। এ কারণে একই দিন স্থানীয় সরকার মন্ত্রণালয় তড়িঘড়ি করে ৫৭ নম্বর ওয়ার্ডকে তফসিলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। ওই দিনই কমিশন থেকে জানানো হয়েছিল, মন্ত্রণালয় দিনে দিনে ৫৭ নম্বর ওয়ার্ডকে তফসিলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করলে আজ তফসিল ঘোষণা করবে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কাজী রকিব বলেন, ‘রমজানের আগে ডিসিসির নির্বাচন করতে পারলে ভালো হতো। কিন্তু ডিসিসির মতো বড় সিটিতে ৪০-৪৫ দিন হাতে সময় নিয়ে তফসিল ঘোষণা করতে পারলে ভালো। কিন্তু এখন হাতে সে সময় নেই। তবে রোজার ঈদ আর কোরবানির ঈদের মাঝখানে নির্বাচন করার ইচ্ছে আছে।’ সংবিধান অনুযায়ী ২৮ অক্টোবর থেকে ২৫ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এ প্রসঙ্গে সিইসি বলেন, ডিসিসি নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।