ঢাকা সিটি মেয়র ও সংস্কৃতিসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারের মূল বেদিতে সমাবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা ও সংস্কৃতিসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। একই সঙ্গে ২২ মে তাঁদের সশরীরে হাজির হতে বলা হয়েছে।আজ বুধবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।শহীদ মিনারের মূল বেদিতে সমাবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আদালত অবমাননার অভিযোগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ গত সোমবার হাইকোর্টে আবেদন করেন। আজ শুনানি শেষে আদালত রুল জারি করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা।গত বছরের ২৫ আগস্ট মানবাধিকার সংগঠনটির পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ভাষা-আন্দোলনের স্মৃতি রক্ষায় কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন। নির্দেশনায় শহীদ মিনারের মূল বেদিতে সভা-সমাবেশ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। তবে মূল বেদিতে ফুল দেওয়া যাবে। ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠান করা যাবে। একই সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে তিনজন নিরাপত্তা-কর্মী নিয়োগ দিতে নির্দেশ দেন।আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালতের নির্দেশনা অনুসারে মূল বেদিতে সভা-সমাবেশ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া হয়নি। এ জন্য আদালত অবমাননার আবেদনটি করা হয়।