ঢাকা সিটির নির্বাচনে কমিশনের আগ্রহ নেই: ছহুল
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন করতে আগ্রহী নয়। এর কারণ হিসেবে তিনি বলেন, আইন অনুযায়ী প্রশাসক নিয়োগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু এই কমিশনের মেয়াদ এত দিন নেই। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় তিন নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হবে। আজ রোববার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছহুল হোসাইন এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন করতে হলে এই কমিশনের অধীনে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করতে হবে। নির্বাচন শেষ করবেন পরে নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনারেরা। কিন্তু কমিশন মনে করে কোনো কাজ শুরু করলে শেষ করে যাওয়া ভালো। বিশেষ করে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এটি বেশি প্রযোজ্য। কিন্তু আইনগতভাবে তা সম্ভব নয়।নির্বাচন কমিশনার আরও বলেন, এ ব্যাপারে সরকারের কাছ থেকে এখনো কোনো চিঠি আসেনি। চিঠি পেলে কমিশন তাঁদের মতামত সরকারকে জানাবে।