ঢাকা-সিরাজগঞ্জ-ঈশ্বরদী আন্তনগর ট্রেন চালু
ঢাকা-সিরাজগঞ্জ-ঈশ্বরদী রুটে নতুন একটি আন্তনগর ট্রেন চালু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে রেলপথ মন্ত্রী মজিবুল হক সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন ঘোষণা করেন।রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি সিরাজগঞ্জ থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। বেলা তিনটায় জামতৈল রেলস্টেশন থেকে ইঞ্জিন ঘুরিয়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে। পরে কমলাপুর স্টেশন থেকে বিকেল পাঁচটায় ছেড়ে ট্রেনটি সিরাজগঞ্জে পৌঁছাবে রাত নয়টা ৪৫ মিনিটে। পরে ট্রেনটি ঈশ্বরদী যাবে। প্রতি শনিবার ট্রেনটি বন্ধ থাকবে।আপাতত একটি পাওয়ার কারসহ ছয়টি কোচ ওই ট্রেনের সঙ্গে সংযোজন করা হয়েছে। ট্রেনটিতে মোট ৫৩০টি আসন রয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জের জন্য শোভন চেয়ার ৩০টি ও শোভন শ্রেণীর ১০০টি আসন বরাদ্দ করা হয়েছে। শোভন চেয়ার শ্রেণীতে ভাড়া ২২৫ টাকা ও শোভন শ্রেণীতে ১৮৫ টাকা।প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক হাবিবে মিল্লা¬ত জানান, ট্রেন চালু হওয়ায় সিরাজগঞ্জবাসীর স্বপ্নপূরণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ৯ এপ্রিল সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে এক জনসভায় সিরাজগঞ্জ থেকে ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন। ট্রেন চালুর মধ্য দিয়ে অবশেষে তাঁর ঘোষণার বাস্তবায়ন হলো।উদ্বোধনী অনুষ্ঠানের কারণে ট্রেনটি আজ নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৪০ মিনিট পর বেলা ১২টা ২৫ মিনিটে সিরাজগঞ্জ ছেড়ে যায়। সিরাজগঞ্জ থেকে ১৪৮ জন যাত্রী টিকিট করে ঢাকা যান। ট্রেনের চালক এনামুল হক ও পরিচালক জিয়াউদ্দিন বলেন, দেশে আন্তজেলা ট্রেন যোগাযোগ স্থাপন হলে যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ঘটবে।ট্রেনের যাত্রী নরেশ চন্দ্র ভৌমিক ও আবদুল মতিন বলেন, সিরাজগঞ্জবাসী ট্রেনের হারানো গৌরব ফিরে পেয়েছে।রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ তানভীর শাকিল, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক হাবিবে মিল্লা¬ত, রেলওয়ের মহাপরিচালক আবু তাহের, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান, জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান প্রমুখ। পরে রেলমন্ত্রী বাজার স্টেশনে গিয়ে উদ্বোধনী ফলক উন্মোচন ও পতাকা নেড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের শুভযাত্রা করেন।