ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচ ঘণ্টা যানজট
ঢাকা সিলেট মহাসড়কে আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত যানজট ছিল। গতকাল শুক্রবার থেকে সড়কে ওজন পরিমাপক যন্ত্র বসিয়ে পণ্যবাহী ট্রাকগুলোর ওজন মাপা শুরু হয়। এর ফলে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকগুলোকে ফিরিয়ে দেওয়া হয়। এতে করে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) কর্মকর্তারা জানান, ভৈরব সেতু ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় দুটি ঝুঁকিপূর্ণ সেতু বাঁচাতে ওই যন্ত্রটি বসানো হয়েছে। ৮ জানুয়ারি পর্যন্ত ট্রাকগুলোর ওজন মেপে ছাড়া হবে। এদিকে অতিরিক্ত পণ্যবাহী ট্রাকগুলো ফিরিয়ে দেওয়ায় আজ বেলা একটার দিকে চালকেরা বিক্ষোভ করেন। তাঁদের অভিযোগ, ট্রাকগুলো দুদিন ধরে পণ্য নিয়ে জগদীশপুর এলাকায় আটকা পড়েছে। কোনো প্রচারণা না চালিয়ে হঠাত্ করে এই যন্ত্র স্থাপন করায় ভোগান্তি বাড়ছে। এই যন্ত্রের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ওয়ারেন্ট কর্মকর্তা আহসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘১০ চাকার ট্রাক চলবে ২২ টন ও ছয় চাকার ট্রাক চলবে ১৫ টন মাল নিয়ে। এর বেশি হলেই আমরা ট্রাকগুলো ফিরিয়ে দিচ্ছি।’বিকাল পৌনে চারটার দিকে হবিগঞ্জ সদর আসনের সাংসদ আবু জাহির, জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান, পুলিশ সুপার কামরুল আমিন বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। আটক ট্রাকগুলো যন্ত্রটি অতিক্রম করার পরে মাধবপুর উপজেলা সদরের কাছে লাইন ধরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। এতে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। বিআরটিএর উপপরিচালক বেলাল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘দুদিন আগে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েই যন্ত্রটি বসিয়েছি।’মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা চেষ্টা করছি যানজটমুক্ত করতে।’