ঢাকা-সিলেট মহাসড়কে পোশাকশ্রমিকদের আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতার দাবিতে আজ সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দুটি পোশাককারখানার শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন।বরপা বাসস্ট্যান্ড এলাকায় অন্তিম নিটিং ডাইং ও অন্তিম কম্পোজিট নামের দুটি রপ্তানিমুখী পোশাককারখানার শ্রমিকেরা সকাল নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। ফলে এ সময় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১২টার দিক থেকে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় হামলা, ভাঙচুরসহ মহাসড়কে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা গেছে, অন্তিম নিটিং ডাইং ও অন্তিম কম্পোজিট নামের দুটি পোশাককারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। আজ তাঁদের বেতন দেওয়ার কথা ছিল। সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে জানতে পারেন, আজ তাঁদের বেতন দেওয়া হবে না।এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কারখানায় হামলা, ভাঙচুরসহ গেটে তালা লাগিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের ধাওয়া করে। পরে তাঁরা একত্র হয়ে সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা কারখানার চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ও টায়ারে অগ্নিসংযোগ করেন। ভাঙচুর করা হয় ৮-১০টি যানবাহন। পুলিশ-শ্রমিক পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ১০ শ্রমিক আহত হন।আহত শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে কারখানা কর্তৃপক্ষ আগামী ১৫ তারিখের মধ্যে বেতন-ভাতা দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।এ ব্যাপারে অন্তিম নিটিং ডাইং ও অন্তিম কম্পোজিটের মালিক আলী আকবর বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা না করেই কারখানায় দায়িত্বরত কর্মকর্তারা বেতন দেওয়ার তারিখ পেছানোতে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ১৫ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করা হবে। পরবর্তী মাস থেকে আগের মতোই মাসের ১০ তারিখের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে তিনি জানান।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোরকান শিকদার জানান, মালিকপক্ষ আগামী ১৫ তারিখে শ্রমিকদের বেতন পরিশোধ এবং প্রতি মাসের বেতন ১০ তারিখের মধ্যে দেওয়ার আশ্বাস দিলে তাঁরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।