ঢাকা হতে পারে এশিয়ার শ্রেষ্ঠ রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি স্বতন্ত্র স্থাপনাকে তার সীমানা-দেয়াল দিয়ে আবদ্ধ করা যায়, একটি তেজস্ক্রিয় পারমাণবিক চুল্লিকে কংক্রিটে ঢেকে স্তব্ধ করে দেওয়া যায়, কিন্তু একটি শহরের অরাজকতাকে সুসংহত পরিকল্পনা ছাড়া নিয়ন্ত্রণ করা যায় না। একটি শহরের গড়ে ওঠা যেমন তার অধিবাসীদের জন্য অপার সম্ভাবনা তৈরি করে, তেমনি এর অপরিকল্পিত উদ্দেশ্যহীন বিন্যাস প্রতিদিনের নগরজীবনকে দুর্বিষহ করে তোলে। একটি শহরের তাই নিরপেক্ষ, নিষ্পাপ কোনো অভিব্যক্তি নেই। এর প্রতিটি উপাদান, গড়ন ও স্থানিক বিন্যাস নাগরিক জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলে। শহরের নির্মাণ মূলত অগণিত মানুষের জীবনেরই নির্মাণ। আগামীর শহর কেবল বর্তমানের সমস্যা সমাধানের জন্য নির্মিত হবে না। আরও সুদূর ভবিষ্যতের সম্ভাবনা আর শঙ্কা মাথায় রেখে ভবিষ্যতের নগর নির্মাণ করতে হবে। নগরের নির্মাণ-নকশা প্রতিটি পৃথক শহরের জন্য পৃথক পরিকল্পনা ও উদ্ভাবনী চিন্তা দাবি করে। সে কারণেই আমাদের রাজধানী শহর ঢাকার নির্মাণচিন্তাও পশ্চিম বা দূরপ্রাচ্যকে সরাসরি অনুকরণ করে গড়ে উঠতে পারে না। রাজধানী ঢাকাসহ দেশের অন্য শহরগুলো তার নিজস্ব সামাজিক-অর্থনৈতিক বাস্তবতার পাশাপাশি আমাদের সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধকে আত্মস্থ করেই গড়ে উঠবে। সেই সঙ্গে তা হবে আমাদের ভৌগোলিক অবস্থান, জলবায়ুর প্রতি যথাযথ সংবেদনশীল এবং নিজস্ব সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে পর্যায়ক্রমে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সব প্রকল্পের বিন্যাস। আবার হুবহু অনুকরণ না করলেও বিশ্বের সমৃদ্ধ নগরায়ণের সমস্ত ধ্যানধারণা, শিক্ষা ও সমালোচনাকে জানতে হবে। উন্নত নগরায়ণের কঠিন চ্যালেঞ্জ কারও একক বা সামগ্রিক কূপমণ্ডূকতা দিয়ে জয় করা যাবে না। একে হতে হবে সমন্বিত এবং জনগণের নিবিড় সম্পৃক্ততাকে সঙ্গে নিয়ে অসম্ভবকে সম্ভব করার এক প্রখর সংকল্প।বাসযোগ্যতার মানদণ্ডে আমাদের রাজধানী ঢাকা পৃথিবীর সব শহরের মধ্যে সবচেয়ে নিচের দিকে অবস্থান করছে। এই শহর কেবল আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকেই বিপর্যস্ত করছে না, তা বাড়িয়ে দিয়েছে অর্থনৈতিক শ্রেণীবৈষম্য ও নিরাপত্তার তীব্র সংকট। বাতাস, পানি ও মাটির দূষণের সঙ্গে সঙ্গে শব্দের অনিয়ন্ত্রিত মাত্রা তৈরি করছে মারাত্মক স্বাস্থ্যসংকট। তীব্র যানজট সময়কে স্থবির ও অকার্যকর করে রেখেছে প্রতিদিন। সেই সঙ্গে সড়ক দুর্ঘটনার ভয় প্রতিপদে আমাদের ঘরে ফেরাকে অনিশ্চিত করে রেখেছে। এই অচলায়তন থেকে পরিত্রাণের জন্য আমাদের বুদ্ধিদীপ্ত সুদূরপ্রসারী সমাধান চাই। চাই প্রতিনিয়ত বদলে যাওয়া বাস্তবতাকে আত্মস্থ করার জন্য মানানসই নগরের বিন্যাস। এই উচ্চাভিলাষী আর সাহসী সংকল্পের চ্যালেঞ্জ মোকাবিলা করতে ব্যর্থ হলে সমগ্র বাংলাদেশ ধীরে ধীরে একটি পরিত্যক্ত জনপদে পরিণত হবে।ভয়াবহ সেই পরিণতি প্রতিহত করতে হলে আমাদের দুটি জায়গায় একত্রে কাজ শুরু করতে হবে। প্রথমত, যে শহর নির্মিত হয়ে গেছে, তাকে যথাসাধ্য সংস্কারের মাধ্যমে উন্নত করা; আর দ্বিতীয়ত, যে শহর ভবিষ্যতে গড়ে উঠবে, তার মানদণ্ড নিশ্চিত করা। একটি নগরকে উন্নত আর বাসযোগ্য করে তোলার অনেক সূচকের মধ্যে আমরা বেছে নিতে পারি মানুষের মৌলিক চাহিদার মতোই উন্নত নগরায়ণের কিছু আবশ্যক উপাদান। এই উপাদানগুলো হতে পারে: ১. পানি, মাটি ও সবুজ-সম্পৃক্ত শহর; ২. স্বয়ংসম্পূর্ণ আবাসিক এলাকা ও গণসম্মিলন কেন্দ্র; ৩. সব বিত্তের মানুষের জন্য সুষ্ঠু আবাসন; ৪. সহজলভ্য গণপরিবহনের ব্যবস্থা; ৫. পুরাকীর্তি সংরক্ষিত রেখে ভবিষ্যতের নগর নির্মাণ; ৬. নগরের পরিকল্পিত প্রসার; ৭. পায়ে হাঁটার উপযোগী শহর; ৮. দূষণমুক্ত পরিবেশ ও উন্নত বর্জ্য-ব্যবস্থাপনা; এবং ৯. দক্ষ ও কার্যকর সাংগঠনিক ঐক্যভিত্তিক সুশাসন।প্রতিটি স্থানের, প্রতিটি প্রকল্পের একটি ধারণক্ষমতা আছে। শহরের সফল পরিকল্পনার সঙ্গে তাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এর অধিবাসীর সংখ্যা সুনির্দিষ্ট করা। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে রাজধানীকে শতগুণ কার্যকর করেও কোনো সুফল পাওয়া যাবে না। জনসংখ্যা ও জনসংখ্যার অসম ঘনত্ব নিয়ন্ত্রণের জন্য শহর ও গ্রামের বৈষম্য কমানো জরুরি। সে কারণে কার্যকর রাজধানীর প্রকল্পের আরেকটি আবশ্যক ও সুদূরপ্রসারী দিক গ্রামীণ অর্থসামাজিক ও পরিবেশগত উন্নয়ন। শহর, শহরের কেন্দ্র, এর সীমানা, শহরতলি ও গ্রাম কীভাবে পর্যায়ক্রমে বিন্যস্ত হবে, সেই নীতিমালা ও এর আঙ্গিক বিন্যাস নির্ধারণ করে একটি মহাপরিকল্পনা করতে হবে। উন্নয়নকে সমানভাবে সম্প্রসারিত করতে না পারলে রাজধানীমুখী মানুষের স্রোত বন্ধ করা যাবে না। আর তা করতে না পারলে সব প্রকল্পই ব্যর্থ হয়ে যাবে।আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এ কথা মনে রাখা যে রাজধানীর এই পরিকল্পনা সেই সুদূর ভবিষ্যতের জন্য, যা কোনোভাবেই আমাদের পক্ষে সম্পূর্ণভাবে জানা সম্ভব নয়। তাই রাজধানীর অনেক জায়গা ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে রেখে দিতে হবে। প্রকল্প যত দূরবর্তী সময়ের জন্য হবে, সংরক্ষিত এলাকার পরিমাণ তত বেশি হবে।পৃথিবীর উন্নত শহরের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, ওই শহরগুলো ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র স্বপ্ন, ক্ষুদ্র কিছু তাৎক্ষণিক প্রকল্প অবলম্বন করে গড়ে ওঠেনি। ওই শহরগুলোর রাজনৈতিক নেতা ও পেশাজীবী মানুষ ২০ থেকে ৫০ বছর পরের শহরকে মাথায় রেখে একত্রে কাজ করছেন। একই সঙ্গে সেসব শহরের নাগরিক সমাজ তাদের অভিমত দিয়ে সহায়তা করে গেছে পেশাজীবী ও সাংগঠনিক নেতৃত্বকে।ষাট ও সত্তরের দশকে যেমন বিশ্বসেরা স্থপতিরা এসে আমাদের রাজধানী এবং এর পার্শ্ববর্তী শহরে তাঁদের স্থাপত্যকর্মের অনন্য নিদর্শন রেখে গেছেন, তেমনি করে এখনো আমরা বহু গুরুত্বপূর্ণ প্রকল্পে বিশ্বসেরা স্থপতি, নগরবিদ ও নগর-পরিকল্পনাকারীদের আমন্ত্রণ জানাতে পারি। এতে আমরা আমাদের দেশের মাটিতে বিশ্বমানের এমন কিছু প্রকল্প পাব, যা বর্তমান ও ভবিষ্যৎ পেশাজীবীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ছাড়া ছোট বা বড় সব প্রকল্প প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করলে সব সময় সেরা প্রকল্পটিই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা থাকবে।যুক্তরাষ্ট্রের নগর-পরিকল্পনার ইতিহাসে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের অবস্থান সব সময় অনন্য। সত্তরের দশকে কিছু বিশেষ আইন প্রণয়নের মাধ্যমে ‘স্মার্ট গ্রোথ’ নামে উন্নত নগরায়ণের নতুন ধারণাকে তিনি কার্যকরভাবে গতিশীল করে তুলেছিলেন। এতে অন্তর্ভুক্ত ছিল স্বচ্ছ জলাধার আইন, বিশুদ্ধ বায়ু আইন, বিরল প্রাণী সংরক্ষণ আইন, জাতীয় পরিবেশ সংরক্ষণ আইন ও উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা আইন। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সরাসরি হস্তক্ষেপ ছাড়া যুক্তরাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যেতে পারত না।এ কথা তাই অনস্বীকার্য যে, শুধু বুদ্ধিদীপ্ত নতুন নগর পরিকল্পনা ও নগর-নকশা করে বসে থাকলে চলবে না, ভবিষ্যতের রাজধানী গড়ে তোলার জন্য দরকার সুযোগ্য সাহসী রাজনৈতিক নেতৃত্ব এবং নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কৃষিভিত্তিক নগরায়ণের যে মতাদর্শ বর্তমানে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশ তাতে অগ্রণী ভূমিকা রাখতে পারে। আমাদের এই স্বপ্ন দেখতে হবে যে, আমাদের রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য বড় শহর এশিয়ার বুকে শ্রেষ্ঠ শহরের জায়গা করে নেবে। সেই নগরগুলো শুধু বাসযোগ্যই হবে না, পৃথিবীর অন্যান্য প্রতাপশালী নগরের সঙ্গে প্রতিযোগিতা করে দিনে দিনে বিকশিতও হয়ে উঠবে।[email protected]আমিমুল এহসান: স্থপতি ও নগরবিদ; প্রকল্প ব্যবস্থাপক, পিপুপাল, সুইডেন।