ঢাকা হবে বিশ্বমানের রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত নগর চিন্তাবিদ ও সমাজবিজ্ঞানী সাসকিয়া সাসেন তাঁর ‘হোয়াই সিটি ম্যাটারস’ প্রবন্ধে বলেছিলেন, একটি শহর সমগ্র দেশের চেয়েও শক্তিশালী। আজকের পৃথিবীতে একটি দেশকে উন্নত করতে হলে তার শহরগুলোকে বিশ্বায়নের প্রতিযোগিতায় বিকশিত হতে হবে। শহরে সুচারু পরিকল্পনা এবং আঙ্গিকবিন্যাস তাই জাতীয় সমৃদ্ধির সঙ্গে সরাসরি জড়িত।আগামী এক দশকে সিকি মাইল ব্যাসার্ধের ছোট ছোট অসংখ্য আবাসিক এলাকার সমন্বয়ে গড়ে উঠবে প্রাণবন্ত এই শহর, যা কেবল পোস্টকোড আর থানা এলাকা দিয়ে বিভাজিত হবে না। পরিমিত ঘনত্বের ঘরবাড়ি আর সবুজের সমারোহ থাকবে সর্বত্র। অটোমোবাইলের দৌরাত্ম্য কমে যাবে, স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য পায়ে হাঁটা পথ কিংবা সাইকেল ভ্রমণকে বেছে নেবে মানুষ। দূরের যাত্রায় হালকা ট্রেন বা বাসের সাহায্য নেওয়া যাবে, যা শহরজুড়ে পরিকল্পিতভাবে ছড়িয়ে থাকবে।অনেক উঁচু ভবন থাকবে না এই শহরে। এর পরিবর্তে ছোট-বড়, বিভিন্ন উচ্চতার ও আকারের সিটি ব্লক, রো-হাউস আর নিজস্ব বাড়ি থাকবে। এখানে কিছু ভবন থাকতে হবে মিশ্র ব্যবহারের উপযোগী, যা আবাসস্থল ও কর্মস্থলকে সমন্বিত করতে পারে। এমন প্রতিটি এলাকা গণপরিবহনের ট্রানজিট পয়েন্টের কাছে অবস্থান করবে। ফ্ল্যাটের আকার-আয়তন নির্ভর করবে মানুষের উপার্জনক্ষমতা আর পরিবারের লোকসংখ্যার ওপর। ছোট-বড় উঠানে কিংবা লনে তারা সকাল-সন্ধ্যায় মিলিত হতে পারবে। নিজস্ব আবাসস্থলের ওপর কর্তৃত্বের চেয়ে তারা প্রতিবেশিতার চর্চা করবে।এই শহরের আবাসস্থল, কর্মক্ষেত্র, গণপরিবহন কিংবা রাস্তাঘাট—সব জায়গায় সুস্থ-প্রতিবন্ধী সবার চলাচল নির্বিঘ্ন থাকবে। এই শহরের সামাজিক স্থান বা পরিবহনব্যবস্থা কেবল পুরুষ-অধ্যুষিত হয়ে থাকবে না। একই সঙ্গে তা নারীর জন্য সহজ ও সাবলীল পরিসর নির্মাণ করবে। শিশুদের জন্য নিরাপদ শহর হবে ঢাকা। এই নিরাপত্তা কেবল দুর্বৃত্তের বিপক্ষে নয়, বরং পথঘাটের পরিকল্পনা, রাস্তা পারাপার আর খেলাধুলার মাঠেও তারা নিশ্চিন্ত ও নির্ভীক থাকবে। যাতায়াতের ক্ষেত্রে সব রকম বাহনের পৃথক লেন থাকবে, কখনোই পায়ে হাঁটা মানুষের সঙ্গে দ্রুতগামী বাসের দেখা হবে না।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা অসংখ্য অটোমোবাইলভিত্তিক ‘সাব-আর্বিয়া’ নির্মাণ করেছিল, যা ধীরে ধীরে প্রাণহীন মৃত নগরে পরিণত হয়। পশ্চিমে পরিত্যক্ত হয়ে যাওয়া ‘সাব আর্বিয়া’কে আমাদের নির্মাতারা এখন ভ্যালি, সিটি বা মডেল টাউনের আদলে গড়ে তুলেছেন ঢাকার অদূরে। এভাবে জালের মতো প্লট বিছিয়ে বিক্রি করতে পারলেই তা বসবাসের জন্য আদর্শ আবাসিক এলাকা হয়ে গড়ে উঠবে না। সাব আর্বিয়ার মতোই পশ্চিমে পরিত্যক্ত হয়ে গেছে গত শতকের ‘আধুনিক নগর পরিকল্পনা’র জোনভিত্তিক অঞ্চল বিভাজন। আবাসিক এলাকা, কর্মস্থল, বিপণন অঞ্চল, স্বাস্থ্যসেবা অঞ্চল, শিক্ষাপ্রতিষ্ঠান—সবকিছুকে দূরে দূরে বিশেষায়িত অঞ্চল হিসেবে পৃথক রাখার কারণে অহেতুক অনেক বেশি যাতায়াতের প্রয়োজন হয় এবং বিভিন্ন সময়ে নির্দিষ্ট অঞ্চলে অনেক মানুষের ঘনত্ব বেড়ে যায়, সেই সময়ে অন্য সব স্থান ফাঁকা পড়ে থাকে। সাব আর্বিয়াভিত্তিক নগরায়ণ কিংবা জোনভিত্তিক অঞ্চল বিভাজন—সবই আজকের পৃথিবীতে অপ্রয়োজনীয় বলে বিবেচিত হয়েছে, যা শুধু সময় ও সম্পদের অপরিসীম অপচয়ই নয়, মানবিক জীবনযাপনের জন্যও হুমকিস্বরূপ। আমাদের শহরকে তাই নগর নির্মাণের এসব পরিত্যক্ত মতবাদ থেকে সরে আসতে হবে। ভবিষ্যতের ঢাকা গড়ে উঠবে আমাদের নগরজীবনের নানাবিধ বাস্তবতা আর অবাস্তবতার রূপকল্পনাকে ঘিরে। আধুনিক বিশ্বের উন্নত নগরায়ণের ধ্যানধারণাকে আমাদের ভৌগোলিকতা, জলবায়ু আর সংস্কৃতিতে আত্মস্থ করে নিতে হবে।আমাদের শহরে প্রবহমান সবুজের সঙ্গে মিলেমিশে থাকবে জলাভূমি, জলাশয়, নদী। আমরা শহরে থাকব বলে কেবল শুষ্ক হয়ে থাকার ইচ্ছা পোষণ করব না। আমাদের বাড়িঘর, উঠান, রাস্তা আর সম্মিলনকেন্দ্রের পরিপার্শ্বজুড়ে জলের বিস্তার থাকবে। জলাভূমিতে কিংবা জল-অধ্যুষিত অঞ্চলে স্থাপনার প্রয়োজন হলে তা প্ল্যাটফর্মের আদলে নির্মিত হবে। হাইওয়ে কিংবা সাধারণ প্রস্থের রাস্তার প্রয়োজন হলে তা-ও পিলারের ওপর ব্রিজের আদলে তৈরি হবে। আমাদের শহর বড় হবে বলে আমরা কৃষিভূমি নষ্ট করব না বরং প্রতিটি শহরে অসংখ্য সবুজ নার্সারি হবে উঠানে, ছাদে, টেরাসে, পথের পাশে এমনকি দেয়ালজুড়ে, যা আমাদের নিত্যদিনের প্রয়োজন মেটাবে আর নিশ্চিত করবে নিসর্গের নিঃশঙ্ক বেড়ে ওঠা। রাজধানী আর বড় শহর বলে আমাদের শহর ধূসর কংক্রিটে ঢেকে যাবে না। আমরা নরম পলিমাটির কথা মনে রাখব, জলের সঙ্গে এর ঐকান্তিক যোগাযোগ মনে রাখব, আর সেই কাদাজলে মিলেমিশে থাকা সব উদ্ভিদ আর প্রাণীদের বসবাসও নিশ্চিত করব এই শহরে। অসংখ্য পাখিও একদিন ফিরে আসবে এই শহরে। কৃষিভিত্তিক নগরায়ণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।পরিকল্পিত উন্নয়ন সুষমভাবে শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়বে, যা প্রতিটি মানুষকে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দিতে পারবে। নদীভাঙা মানুষ আর দুর্বৃত্তায়নে দিশেহারা জনগোষ্ঠী এভাবে শহরে এসে ভিড় জমাবে না। শহরে দরিদ্র মানুষ থাকবে তার ভাগ্যোন্নয়নের তাগিদে, কিন্তু তাদের অবস্থান বস্তিতে হবে না। স্বল্প আয়ের মানুষের আবাসন আর তাদের ক্ষুদ্র উদ্যোক্তা হয়ে ওঠার কর্মক্ষেত্র নিশ্চিত করবে এই শহর।কেবল বড় শহর আর রাজধানী বলেই এই শহরে আসবে না মানুষ। ঢাকা একদিন আমাদের প্রিয় গন্তব্যের শহর হবে, যেখানে বাড়ি ফিরলে প্রিয় পথ, প্রিয় পাড়া আর প্রিয় সব স্থানের সঙ্গে দেখা হবে। ঢাকা কেবল ‘ব্যবহারকারী’ আর ভোক্তাশ্রেণীর শহর হবে না। ঢাকা ‘নাগরিক’দের শহর হবে, যারা শহরের সমৃদ্ধিতে সক্রিয়, কার্যকর আর প্রাণবন্ত ভূমিকা রাখবে।আমাদের শহরে বৈদ্যুতিক শক্তি কিংবা জ্বালানির সংকট থাকবে না। আমাদের বিজ্ঞানীরা তত দিনে আবর্জনা থেকে, মানববর্জ্য থেকে শক্তি উৎপাদন করবেন। শব্দ, বায়ু, পানি আর দৃশ্যগত দূষণের ইতি ঘটবে অচিরেই। ঢাকা বিলবোর্ডের শহর হবে না, ঝুলন্ত তারের বিপজ্জনক বেড়াজাল হবে না এই শহরের কোনো পরিসর। বুড়িগঙ্গা-শীতলক্ষ্যায় কোনো বর্জ্য মিশবে না। ঢাকা হবে পরিচ্ছন্ন নগর—স্বচ্ছ জল, নির্বিষ মাটি আর সতেজ বায়ুপ্রবাহের শহর।ঢাকার ছোট ছোট আবাসিক এলাকায় জনসংখ্যার সহনীয় ঘনত্ব থাকবে। ঘনত্বের পরিমিতি আর শৃঙ্খলার জন্য আমরা ঢাকার পাশাপাশি অন্য বড় শহরগুলোকেও সমানভাবে উন্নত করে তুলব। খানিকটা দূরের গ্রাম, তারপর শহরতলি, শহরের প্রান্তীয় অঞ্চল আর কেন্দ্রীয় শহর, সব শেষে শহরের কেন্দ্রবিন্দু— এসব দূরত্বগত ক্রমবিন্যাসে জনঘনত্বের সুষম বিন্যাস থাকবে। শহরের কেন্দ্রে বা প্রান্তে যেখানেই বসবাস নির্দিষ্ট হোক না কেন, নাগরিক সুবিধা পৌঁছে যাবে সর্বত্র। প্রতিটি আবাসিক এলাকায় একই মানের শিক্ষা আর স্বাস্থ্যসেবা থাকবে। থাকবে লাইব্রেরি, খেলাধুলার মাঠ, বিনোদনকেন্দ্র, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানপাট আর বিপণিবিতান। প্রতিদিনের যাপন কোথাও বিঘ্নিত হবে না শহর থেকে খানিক দূরে বা কেন্দ্রের কাছে থাকার তারতম্যের কারণে। প্রতিটি আবাসিক অঞ্চল ‘জিরো কমিউটিং সোসাইটি’ হয়ে গড়ে উঠবে।এই শহরে অসংখ্য সামাজিক কেন্দ্র বা পাবলিক স্পেস থাকবে, যেখানে নিত্যদিনের প্রয়োজন ছাড়াও অধিবাসীরা উপভোগ করবে তাদের অবসরকাল। ফেসবুক আর টুইটারের ভার্চুয়াল স্পেসের পরিবর্তে মানুষ মুখোমুখি যোগাযোগ আর আলাপচারিতাকে বেছে নেবে। বছরজুড়ে নানা উৎসব-পার্বণ ছাড়াও মানুষের অনাড়ম্বর সম্মেলন হবে এসব পাবলিক স্পেসে। পরিচয়-অপরিচয়ের বাইরেও সামাজিক যোগাযোগের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের হাজার বছরের সম্মিলনের সংস্কৃতিকে ফিরিয়ে আনবে, যেখানে নারী ও পুরুষ সমানভাবে বাইরের পৃথিবীকে উপভোগ করবে।আবাসিক এলাকাভিত্তিক এই সম্মিলনকেন্দ্র ছাড়াও এই শহরের পার্ক, প্লাজা, বিপণি অঞ্চল, সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে বিশ্বমানের পাবলিক স্পেস নির্মিত হবে; যেখানে আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান, খেলাধুলা, অঞ্চলভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যা আমাদের অর্থনীতিতে অপরিসীম সম্ভাবনা আর রাজস্বে বিশাল অঙ্ক যোগ করতে পারে। বার্সেলোনা, লন্ডন, সাংহাই কিংবা বর্তমানে রিও ডি জেনিরো যেভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজক দেশ হয়ে বিশ্ববাণিজ্যের প্রাণকেন্দ্ররূপে প্রতিষ্ঠিত হয়ে উঠছে, ঢাকা নিজেকে সেই মর্যাদায় অধিষ্ঠিত করবে। ঢাকাকে তাই আঞ্চলিকতার পাশাপাশি বিশ্বমানের নাগরিক-সুবিধার দিকে মনোযোগী হতে হবে। ঢাকার রাস্তা, দিকচিহ্ন, বাস বা রেলের রুট ও টাইমটেবিল যেমন আন্তর্জাতিক মানসম্পন্ন হবে, তেমনি পর্যটনের বিচারেও তাকে সেরা অতিথিসেবা নিশ্চিত করতে হবে।নিজস্ব সম্পদ আর শক্তি কাজে লাগিয়ে কলাম্বিয়ার বোগোতা শুধু পাবলিক বাস সার্ভিসকে উন্নত করেই গণপরিবহনের ক্ষেত্রে পৃথিবীর সেরা দশে জায়গা করে নিয়েছে। সেই অনুপ্রেরণায় আকর্ষণীয় পর্যটন শহরে পরিণত হয়েছে কলাম্বিয়ার আরেক শহর—কুরিচিবা। জিরো কার্বন শহররূপে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আবুধাবির ‘মাজদার’ শহর। বায়োগ্যাস, সৌর প্যানেল আর বায়ুকলকে আশ্রয় করে সুইডেনের মালমো শহর পুনর্নবায়নযোগ্য শক্তি উৎপাদনের ক্ষেত্রে শ্রেষ্ঠ হওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে। এই তালিকায় আরও অসংখ্য নাম যোগ হয়েছে গত এক দশকে। আগামী দশকে ঢাকা বসবাসের জন্য নিকৃষ্টতম শহর জিম্বাবুয়ের হারারের পাশ থেকে তার বিপরীতমুখী যাত্রা শুরু করবে। আমরা বিশ্বাস করি, রাজনৈতিক দুর্ভাগ্য আর অর্থনৈতিক জীর্ণদশা মেনে নিয়ে আমাদের প্রিয় শহর কেবল ধ্বংস হওয়ার অপেক্ষায় বসে থাকবে না।আমিমুল এহসান: স্থপতি ও নগরবিদ; প্রকল্প ব্যবস্থাপক, পিপুপাল, সুইডেন।[email protected]