ঢাকাই ছবিতে কলকাতার কোয়েল
ঢাকার একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। এসএস ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবির নাম ‘তুমি আর আমি’।‘তুমি আর আমি’ ছবিতে কোয়েল অভিনয় করবেন শাকিব খানের বিপরীতে। আবদুল্লাহ জহির বাবুর কাহিনিতে ছবিটি পরিচালনা করছেন নার্গিস আকতার। ছবিটি বাংলাদেশ ও কলকাতার যৌথ প্রযোজনায় নির্মিত হবে।প্রথম আলো ডটকমকে নার্গিস বলেন, ‘এরই মধ্যে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রডাকশনের কর্ণধার ওয়াহিদ সাদেকের সঙ্গে কোয়েল মল্লিকের আলাপ-আলোচনা চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাইয়ে ছবিটির শুটিং শুরু করতে পারব।’নার্গিস আকতার বর্তমানে এফডিসিতে ‘পুত্র এখন পয়সাওয়ালা’ চলচ্চিত্রের ডাবিংয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কথা প্রসঙ্গে জানালেন, ‘ছবিটির পুরো শুটিং শেষ। ডাবিংয়ের পরই একটি সুবিধাজনক সময় দেখে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছি।’‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন ইমন, ফারাহ রুমা, ওমর আয়াজ অনি, ববিতাসহ আরও অনেকে।