ঢাকাই শাড়ির হাটবাজার
রাজিয়া খানম থাকেন ধানমন্ডিতে। মিরপুর বেনারসিপল্লিতে এসেছিলেন বেনারসি শাড়ি কিনতে। এখানে প্রায়ই আসেন তিনি। এ বিষয়ে রাজিয়া খানম বলেন, ‘কাউকে শাড়ি উপহার দিলে বেনারসিপল্লি থেকে শাড়ি কিনি। যাঁদের দিই তাঁরাও খুশি হন বেনারসি শাড়ি পেয়ে।’ঢাকার ঐতিহ্যবাহী মসলিন হারিয়ে গেছে বহু বছর আগেই। তার উত্তরসূরি হিসেবে এখন টিকে আছে জামদানি শাড়ি, যা পাওয়া যায় ডেমরার জামদানি হাটে। নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ, তারাব, নোয়াপাড়া, বস্তুল, জামপুর, সিদ্ধিরগঞ্জ এলাকার তাঁতিরা ওই হাটে জামদানি নিয়ে আসেন। অন্যদিকে বিগত দুই দশকে খ্যাতি পেয়েছে মিরপুরের বেনারসি শাড়ি।এখানকার ব্যবসায়ীরা ঈদের জন্য নতুন নকশার বেনারসি শাড়ি তুলেছেন বিক্রয়কেন্দ্রে। মানিক বেনারসি লিমিটেডের কর্ণধার সাফায়েত আলী তরফদার বলেন, ‘এবার ঈদে বাজারে এনেছি “ঠাকুরবাড়ির বেনারসি”। চারটি নকশায় ১০টি রঙে তৈরি করা এসব শাড়ির দাম চার থেকে সাত হাজার টাকা।’ দিয়া শাড়ির কর্ণধার মোহাম্মদ কাসেম বলেন, ‘এবার বেশি চলছে জুট, নেট, মাছ রাইস ও কোটা বেনারসি। এসব শাড়ির দাম দেড় হাজার টাকা থেকে আট হাজার টাকা।’বেনারসিপল্লিতে প্রতি শুক্র ও মঙ্গলবার ভোর থেকে সকাল আটটা পর্যন্ত বেনারসি শাড়ির হাট বসে। হাটে তাঁতিরা শাড়ি নিয়ে আসেন। মূলত পাইকারেরা এই হাটে শাড়ি কেনেন। খুচরাও বিক্রি হয়। এতে দোকানের চেয়ে কিছুটা কম দামে শাড়ি কেনা যায়।যাঁরা তাঁতপাড়া কিংবা হাট থেকে জামদানি শাড়ি কিনতে চান, তাঁরা যেতে পারেন ডেমরা বাজারের জামদানি হাটে কিংবা সোনারগাঁয়ের বিভিন্ন তাঁতপাড়ায়। নারায়ণগঞ্জের মদনপুর থেকে ঈদের শাড়ি কিনতে সোনারগাঁয়ের বেইলর তাঁতপাড়ায় এসেছিলেন চাকুরিজীবী জসিম উদ্দিন। তিনি বলেন, ‘তাঁতপাড়া থেকে জামদানি শাড়ি কিনলে কিছুটা কম দামে পাওয়া যায়। এগুলো মানেও ভালো হয়। সে জন্য জামদানি শাড়ি কিনতে এখানে আসি।’এখানকার তাঁতি সালমা বেগম বলেন, ‘শাড়ির নকশা আমি নিজেই করি। অনেক সময় ক্রেতার পছন্দেও শাড়ি বুনি। এখন আমরা ব্যস্ত ঈদের শাড়ি নিয়ে। পাইকারেরা এসে আমাদের কাছ থেকে শাড়ি কিনে নেন। অনেক সময় জামদানির হাটেও শাড়ি বিক্রি করি। আমাদের বোনা জামদানি শাড়ির দাম দুই হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়।’তাঁতপাড়া ছাড়াও জামদানির হাট থেকে শাড়ি কেনা যাবে। ডেমরা বাজারে প্রতি শুক্রবার ভোর তিনটা থেকে সকাল সাতটা পর্যন্ত এই হাট বসে। হাটে নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ, তারাব, নোয়াপাড়া, বস্তুল, জামপুর, সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন তাঁতপাড়ার জামদানির তাঁতিরা তাঁদের শাড়ি নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারেরা এই শাড়ি কেনেন। অনেক খুচরা ক্রেতাও আসেন। হাটে তাঁতিদের কাছ থেকে দোকানের চেয়ে কিছুটা কম দামে শাড়ি কেনা যায়।হাটের শাড়ি পছন্দ না হলে হাটে যেসব তাঁতি আসেন তাঁদের বাসায় গিয়ে পছন্দের শাড়ি তৈরির ফরমায়েশ দিতে পারেন। যাত্রাবাড়ী থেকে অটোরিকশা কিংবা বাসে ডেমরা চৌরাস্তা নেমে, সেখান থেকে রিকশায় বা হেঁটে ডেমরার জামদানি হাটে যাওয়া যাবে। সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লি থেকেও জামদানি শাড়ি কেনা যাবে। এখানে জামদানি শাড়ির বেশ কয়েকটি বিক্রয়কেন্দ্র রয়েছে।