ঢাকাই স্বাদ
শবে বরাতে পুরান ঢাকায় বিশেষ কিছু খাবারের আয়োজন থাকে। এর মধ্যে আছে বাহারি সব মিষ্টান্ন। শবে বরাতে ঢাকাইয়াদের ঘরে ঘরে তৈরি হয় গাজরের জর্দা ও ল্যাওজ (নারকেলের বরফি)। এ দুই পদ তৈরির প্রণালি সম্পর্কে জানিয়েছেন নারিন্দার বাসিন্দা রজনী হোসাইন।ল্যাওজউপকরণ: একটি নারকেল (কোরানো), আধা কেজি চিনি, পোলাওয়ের চাল আধা কাপ (গুঁড়া করা), দারচিনি ও এলাচ।প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় বসাতে হবে। আগুনের অল্প আঁচে চিনি গলে যেতে থাকবে। চিনি গলে শিরা না হওয়া পর্যন্ত নাড়তে হবে। চিনি সম্পূর্ণ গলে শিরা হয়ে এলে একটুখানি হাতে নিয়ে দেখতে হবে, মিশ্রণটি আঠালো হয়েছে কি না। আঠালো না হলে আরও কিছুক্ষণ চুলায় রেখে নাড়তে হবে। আঠালো হয়ে গেলে চুলা থেকে নামাতে হবে মিশ্রণ। গরম থাকা অবস্থায় মিশ্রণটি বড় একটি থালায় বিছিয়ে দিতে হবে। কোথাও উঁচু-নিচু থাকলে সমান করে বিছিয়ে দিতে হবে। বাতাসে কিছুক্ষণ রেখে দিলে মিশ্রণটি শক্ত হয়ে আসবে। এবার ধারালো ছুরি দিয়ে পছন্দের মাপে কেটে নিতে হবে। সাধারণ তাপমাত্রায় নারকেলের ল্যাওজ সপ্তাহ খানেক সংরক্ষণ করা যায়।গাজরের জর্দাউপকরণ: গাজর এক কেজি, চিনি ছয় কাপ, ঘি এক কাপ, দারচিনি, এলাচ, পেস্তাবাদাম ও মাওয়া।প্রণালি: প্রথমে গাজর ভালোমতো ধুয়ে নিতে হবে। এবার কোরানি দিয়ে গাজর কোরাতে হবে। মনে রাখতে হবে, কোরানো গাজরের কুচি যাতে সূক্ষ্ম হয়। কোরানো গাজর, আধা কাপ ঘি, দারচিনি ও এলাচের কয়েকটি টুকরা আর সামান্য পানি দিয়ে চুলায় বসাতে হবে। পানির আঁচে গাজর সেদ্ধ হয়ে আসবে। সেদ্ধ হয়ে গেলে তাতে চিনি দিতে হবে। আঁচ একটু বাড়িয়ে পানিটুকু শুকিয়ে নিতে হবে। আঁচে চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। পানি সম্পূর্ণ শুকিয়ে এলে আধা কাপ ঘি দিতে হবে। ভালোমতো নেড়ে চুলা থেকে নামাতে হবে। ঠান্ডা হয়ে এলে পেস্তাবাদাম ও মাওয়া দিয়ে সাজাতে হবে। এবার গাজরের জর্দা খাওয়ার জন্য প্রস্তুত।