ঢাকাকে বাসযোগ্য করতে প্রাদেশিক সরকারের বিকল্প নেই: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য রাখতে হলে অবশ্যই প্রাদেশিক সরকারব্যবস্থা চালু করতে হবে। কারণ জনগণের চাপে ঢাকা আজ অচল এবং ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। তাই প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন করে দেশব্যাপী সুষম কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে।আজ সোমবার দলের নির্বাহী কমিটির যৌথ সভায় সভাপতির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন।রাজধানীর নিমতলীতে অগ্নিকাণ্ড ও বেগুনবাড়িতে ভবন উপড়ে পড়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে তহবিল গঠনর জন্য দলের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় তহবিলের জন্য প্রায় ১৫ লাখ টাকা সংগ্রহ করা হয়।সাবেক রাষ্ট্রপতি রাজধানীতে একের পর এক ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ জন্য সরকারকে পরিকল্পনা করে কাজ শুরু করতে হবে। কারণ সারা দেশে কাজের ক্ষেত্র তৈরি না হলে ঢাকার ওপর মানুষের চাপ কমবে না। আর চাপ না কমলে মানুষ জীবন বাজি রেখে ঢাকায় আসবেই।জাতীয় পার্টির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, এম এ সাত্তার, মজিবুর রহমান, নাসিম ওসমান, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম হাবিব, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, কাজী ফিরোজ রশীদ প্রমুখ।