ঢাকাকে ভাঙবেন না, প্রার্থী হব না: খোকা
ঢাকা সিটি করপোরেশনকে ভাগ না করে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন মেয়র সাদেক হোসেন খোকা। সরকারের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, ‘আমার একটাই আকুতি, ঢাকাকে ভাঙবেন না। মেয়র নির্বাচন দিন, আমি প্রার্থী হব না।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা এ কথা বলেন। এ সময় ঢাকা সিটি করপোরেশনের কয়েকজন কাউন্সিলরসহ মহানগর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সাদেক হোসেন বলেন, সর্বস্তরের নগরবাসী, নির্বাচিত প্রতিনিধি এবং সুশীল সমাজের সুস্পষ্ট বিরোধিতা সত্ত্বেও সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশে ঢাকাকে বিভক্ত করার আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে। এ নির্বাচনে বর্তমান মেয়রকে পরাজিত করার মতো যোগ্য প্রার্থী সরকারি দলে না থাকায় তারা এ উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন তিনি। মেয়র বলেন, ‘বিদ্যমান আইনে প্রশাসক নিয়োগের কোনো সুযোগ না থাকায় তারা ঢাকাকে বিভক্ত করে নতুন এমন ব্যবস্থা করতে চাইছে, যাতে আমাকে অপসারণ করা যায়।’ তিনি আরও বলেন, ‘আমি নির্বাচন না করলে যদি ঢাকার অখণ্ডতা থাকে, তাহলে তফসিল ঘোষণার পর পদত্যাগেও আমি রাজি।’ এক প্রশ্নের জবাবে সাদেক হোসেন বলেন, গণদাবি উপেক্ষা করে বর্তমান সরকার যদি ঢাকাকে আসলেই বিভক্ত করে, তাহলে তা হবে আত্মঘাতী। তার পরও বর্তমান সরকার তা করলে বিএনপি ক্ষমতায় আসার পর ঢাকার অখণ্ডতা ফিরিয়ে আনা হবে।প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করতে গত ২৩ নভেম্বর জাতীয় সংসদে একটি বিল তোলা হয়। এর আগে এ প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিপরিষদ। ঢাকার ৯২টি ওয়ার্ডের মধ্যে ৫৬টি নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি করপোরেশন গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে। বিলটি সংসদে পাস হলে বর্তমান ঢাকা সিটি করপোরেশন বিলুপ্ত হবে এবং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার দুই সিটি করপোরেশনের জন্য দুজন প্রশাসক নিয়োগ করতে পারবে। আইন পাস করা হলে বর্তমান মেয়র খোকা এবং কাউন্সিলররা আর তাঁদের পদে বহাল থাকতে পারবেন না।সাদেক হোসেন বলেন, ‘উদ্ভট’ এ পদক্ষেপ নাগরিকদের জন্য সহায়ক হওয়ার পরিবর্তে বিপর্যয় ডেকে আনবে। সিটি করপোরেশনকে ভাগ করার মানে নগরবাসীর হূদয়কে দুই ভাগ করে দেওয়া। সরকারের এ সিদ্ধান্তে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক।মেয়াদের প্রায় দ্বিগুণ সময় মেয়র পদে থাকার কারণ ব্যাখ্যা করে সাদেক হোসেন বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতা আঁকড়ে থাকার কোনো ইচ্ছা আমার ছিল না। তত্ত্বাবধায়ক সরকার দেশের অন্য সিটি করপোরেশনগুলোর নির্বাচন সম্পন্ন করলেও ঢাকার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।’ তিনি বলেন, নির্বাচন কমিশন এ নির্বাচন অনুষ্ঠানের প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন করলেও সরকার সহযোগিতা না করায় নির্বাচন সম্ভব হয়নি।গত নয় বছরে ঢাকার অনেক উন্নয়নকাজ হয়েছে দাবি করে সাদেক হোসেন বলেন, ২০০২ সালের ১৫ মে দায়িত্ব গ্রহণের সময় এ সিটি করপোরেশন ৬৩১ কোটি টাকা দেনার দায়ে আবদ্ধ ছিল। ওই দেনা শোধ করে বর্তমানে ৩০০ কোটি ৭৮ লাখ টাকার নগদ স্থিতি রয়েছে করপোরেশনের তহবিলে। ২০০২ সালে মেয়রের দায়িত্ব নেওয়ার সময় ওই তহবিলে দুই কোটি ৫৮ লাখ টাকা ছিল।