ঢাকাকে সতর্ক করতেই সার্ক সম্মেলনে যোগ দেয়নি ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে নিজেদের ব্যাপারে আরও সচেতন ও সতর্ক করতেই ২০০৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় সার্ক সম্মেলনে অংশ নিতে অসম্মতি জানায় ভারত। তারা যোগ দিতে রাজি না হওয়ায় সম্মেলন স্থগিত করা হয়। উইকিলিকসে ফাঁস হওয়া মার্কিন গোপন তারবার্তার বরাত দিয়ে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু গতকাল মঙ্গলবার এ খবর দিয়েছে।দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৩তম শীর্ষ সম্মেলন ২০০৫ সালের ৬ থেকে ৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ২ ফেব্রুয়ারি ভারত সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানালে তা স্থগিত করা হয়। বিধান অনুযায়ী কোনো সদস্যের অনুপস্থিতিতে সার্কের শীর্ষ সম্মেলন হতে পারে না। পরে ওই বছরের নভেম্বরে সম্মেলনটি হয়েছিল।হিন্দু জানায়, সম্মেলন স্থগিত হওয়ার বিষয়ে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি নয়াদিল্লির মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন পরিচালক তরনজিৎ সাঁধু। আলোচনার বিষয়বস্তু জানিয়ে পরদিন ১০ ফেব্রুয়ারি ওয়াশিংটনে একটি তারবার্তা পাঠায় মার্কিন দূতাবাস।উইকিলিকসে ফাঁস হওয়া ওই তারবার্তা বিশ্লেষণ করে হিন্দু বলেছে, ভারতের ওই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতি তাদের বড় ভাইসুলভ আচরণ আরও সুস্পষ্ট হয়েছে।দুটি কারণ দেখিয়ে ভারত ফেব্রুয়ারিতে সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানায়। প্রথম কারণ, নেপালে জরুরি অবস্থা জারি। দ্বিতীয় কারণ, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি।২০০৪ সালে বাংলাদেশে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তা ছাড়া ওই সম্মেলনের প্রায় আগমুহূর্তে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া।ফেব্রুয়ারিতে সম্মেলন স্থগিত করার পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় এবং এতে করে সার্কের মধ্যেও তিক্ততা বৃদ্ধি পায়।মার্কিন গোপন তারবার্তায় লেখা হয়, ‘শেষমুহূর্তে এসে ভারত জানিয়েছে, তারা সম্মেলনে যোগ দিতে পারবে না। কিন্তু এ নিয়ে তাদের মধ্যে কোনো অনুতাপও নেই। এতে বাংলাদেশও অসন্তুষ্ট হয়েছে। সম্মেলনে অংশ না নেওয়ার কারণ হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর মাধ্যমে তারা বাংলাদেশকে একটি বার্তা দিতে চেয়েছে। মন্ত্রণালয়ের পরিচালক জানিয়েছেন, বাংলাদেশে সহিংসতা এবং ভারতবিদ্বেষী মনোভাব বেড়ে যাচ্ছে। কাজেই ঢাকাকে চাপে রাখতে চায় নয়াদিল্লি।’তারবার্তায় আরও লেখা হয়, সম্মেলনে যোগ না দেওয়ার ভারতীয় সিদ্ধান্তে ঢাকায় কী প্রতিক্রিয়া হলো তাকে গুরুত্ব না দেওয়ার জন্য মার্কিন কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তরনজিৎ সাঁধু। একই সঙ্গে বাংলাদেশের মন্ত্রী ও রাজনীতিকদের সাম্প্রতিক ভারতবিদ্বেষী বক্তব্যের একটি তালিকা তিনি দিয়েছেন। সাঁধুর মতে, বাংলাদেশের মন্ত্রী ও রাজনীতিবিদেরা উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের বক্তব্য দিচ্ছেন, যা সার্কের আদর্শবিরোধী।মার্কিন তারবার্তা আরও জানায়, ঢাকাকে একটি বার্তা পাঠানোর এটাই সময় বলে মনে করছেন সাঁধু। তবে সেই বার্তাটি নেতিবাচক নয় বরং তা বাংলাদেশকে সচেতন করার জন্য। সাঁধুর মতে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাওয়ায় বাংলাদেশের জন্য যে বিপদ ঘটতে পারে, তা তাদের বোঝাতে চাইছে ভারত।প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন তৎকালীন চারদলীয় জোট সরকারের অনেক কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন ছিল ভারত। তাদের আশঙ্কা ছিল, ইসলামি জঙ্গিরা সক্রিয় হয়ে উঠতে পারে এবং এতে ভারতের নিজেদের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। ভারতের সন্দেহ ছিল, পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশের জঙ্গিদের সহযোগিতা করছে। এসব আশঙ্কা-উদ্বেগের কারণে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের সুযোগ হাতছাড়া করেনি ভারত।ফাঁস হওয়া তারবার্তা অনুযায়ী, সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বড় ধরনের ক্ষতি হলো কি না, এ সম্পর্কে সাঁধু জানান, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ঠিকই থাকবে। এ ক্ষেত্রে তিনি গ্যাস পাইপলাইন নিয়ে আলোচনার বিষয়টি উল্লেখ করেন। সাঁধু বলেন, ভারত দেখতে চায় বাংলাদেশ সরকার দিল্লির রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে।আওয়ামী লীগের স্বার্থেই ভারত সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কি না, জানতে চাইলে সাঁধু বলেন, ঘটনা মোটেও সে রকম নয়। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের স্বার্থের সম্পর্ক নেই। আর বাংলাদেশে কী ঘটছে, তা কাউকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই।ভারত সম্মেলনে যোগ না দেওয়ার ঘোষণা দেয় ২ ফেব্রুয়ারি। এর ঠিক পরদিন ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে আরেকটি তারবার্তা পাঠানো হয়। এতে জানানো হয়, নয়াদিল্লির সিদ্ধান্তে ঢাকা বেশ ক্ষুব্ধ হয়েছে। দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মন্ত্রীরা জানিয়েছেন, এর আগে নেপালে ও পাকিস্তানে যখন সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন তো সেখানেও সংঘাত ছিল। তাহলে ভারত ঢাকার সম্মেলনে যোগ দিল না কেন?