ঢাকাপ্রকাশের ১৫০ বছর আজ
ফাল্গুন মাস চলে যাচ্ছে। আজ তার ২৪ তারিখ। পাক্কা ১৫০ বছর আগে, ১২৬৭ বঙ্গাব্দে ঠিক আজকের এই দিনে ঢাকার প্রথম বাংলা সংবাদপত্রটি প্রকাশিত হয়েছিল এই শহর থেকে। নিরবচ্ছিন্নভাবে প্রায় ১০০ বছর ধরে অব্যাহত ছিল পত্রিকাটির প্রকাশনা। নাম—ঢাকাপ্রকাশ।এখন পর্যন্ত ঢাকা থেকে প্রকাশিত অন্য কোনো বাংলা সংবাদপত্র এত দীর্ঘায়ু লাভ করেনি। কিন্তু কেবল এ জন্যই নয়, ঢাকাপ্রকাশ-এর গুরুত্ব আরও ব্যাপক এবং তাৎপর্য গভীর। উনিশ ও বিশ শতকের প্রথমার্ধে এই পত্রিকাটি ছিল পূর্ববঙ্গের সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক। বহুবার হাতবদল ও নীতিমালার পরিবর্তন সত্ত্বেও ঢাকাপ্রকাশ ছিল ঘটনাবলির বিবরণ, জনসাধারণের অভিমত ও বিশ্লেষণে তৎকালীন সময়ের দর্পণতুল্য। বাংলাপিডিয়ার মূল্যায়ন, ‘ঢাকাসহ পূর্ববঙ্গের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস ঢাকাপ্রকাশ ছাড়া রচনা করা সম্ভব নয়।’‘বাঙ্গালা মুদ্রণযন্ত্রে’ মুদ্রিত হয়ে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের সম্পাদনায় ঢাকাপ্রকাশ আত্মপ্রকাশ করেছিল বাবুবাজার থেকে। সেদিন ছিল বৃহস্পতিবার। আট পৃষ্ঠার এই পত্রিকার প্রথম পাতায় বাঁ দিকে ছাপা হতো বিজ্ঞাপন। এ ছাড়া থাকত সম্পাদকীয়, গুরুত্বপূর্ণ বিষয়ে মন্তব্য। ‘সম্বাদাবলী’ বিভাগে ছাপা হতো বিবিধ উৎস থেকে পাওয়া সংবাদ। এ ছাড়া গুরুত্বপূর্ণ ছিল তৃতীয় ও শেষ পৃষ্ঠায় প্রকাশিত পাঠকের চিঠিপত্র। এসব চিঠিতে সমাজের বিভিন্ন অভাব-অভিযোগ, অসংগতি, দাবিদাওয়া উত্থাপিত হতো। ঢাকাপ্রকাশ-এর যাত্রা শুরু হয়েছিল আড়াই শ কপি দিয়ে এবং একপর্যায়ে প্রচারসংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যায়। দাম ছিল ডাকমাশুলসহ বার্ষিক পাঁচ টাকা।ব্রাহ্মসমাজের মুখপত্র হিসেবে যাত্রা শুরু হয়েছিল ঢাকাপ্রকাশ-এর। প্রথম দিকে বেশ ঘন ঘন এর সম্পাদকের পরিবর্তন ঘটেছে। দুই বছরের মাথায় সম্পাদক হন দীননাথ সেন। তিনি বিশেষ যে পরিবর্তনটি করেছিলেন, তা হলো প্রকাশনার দিন। শুক্রবার করে প্রকাশিত হতে থাকে তাঁর সম্পাদনায়। চার বছরের মাথায় সম্পাদক হন জগন্নাথ অগ্নিহোত্রী এবং পঞ্চম বর্ষে গোবিন্দ প্রসাদ রায়। এ নিয়ে ৩ নভেম্বর ১৮৬৫ সালে সংবাদ প্রভাকর-এ লেখা হয় ‘সোমপ্রকাশের ন্যায় ঢাকাপ্রকাশের সম্পাদকের নাম পরিবর্ত্তিত হইয়াছে। ঢাকাপ্রকাশ এতদিন শ্রীযুক্ত গোবিন্দ প্রসাদ রায়ের দ্বারা প্রকাশিত হইতেছিল, এক্ষণ অবধি প্রসন্নকুমার ভৌমিক কর্ত্তৃক প্রচারিত হইবে এবং শুক্রবারের পরিবর্ত্তে রবিবার প্রকাশের নিয়ম হইয়াছে। আজিকাল সম্পাদিগের নাম পরিবর্ত্তন একটি অভ্যাস হইয়া উঠিল।’সম্পাদকের মতো এর মালিকানারও হাতবদল হয়েছে বহুবার। ব্রাহ্মসমাজের মুখপত্র পরিণত হয়েছে কট্টর হিন্দুদের মুখপত্রে। তবে শাসক ও জনতার মধ্যে পত্রিকাটি পালন করেছে মধ্যস্থতাকারীর ভূমিকা। সংবাদ ও জনসাধারণের মতামত প্রকাশের মাধ্যমে ঢাকাপ্রকাশ অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছিল।এ সময় ঢাকা থেকে প্রকাশিত অন্যান্য পত্রিকার মধ্যে ছিল ঢাকা নিউজ, হিন্দু হিতৈষিণী, পল্লী বিজ্ঞান ইত্যাদি। তবে সরকার পূর্ববঙ্গ থেকে প্রকাশিত পত্রপত্রিকার মধ্যে ঢাকাপ্রকাশ-এর সংবাদ ও মতামতকেই ‘রিপোর্ট অব দ্য নেটিভ পেপারস’ হিসেবে গুরুত্বের সঙ্গে প্রণিধান হিসেবে উল্লেখ করত। ঢাকাপ্রকাশ-সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে মুনতাসীর মামুনের ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইয়ে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে ঢাকাপ্রকাশ-এর বেশ কিছু সংখ্যা সংরক্ষিত আছে। সেখানে রাখা সর্বশেষ প্রকাশিত সংখ্যাটি হলো ১২-০৪-১৯৫৯ খ্রিষ্টাব্দের। তখন সম্পাদক ছিলেন আবদুর রশীদ খান। প্রকাশিত হতো ৫৯/৩ কিতাব মঞ্জিল, ইসলামপুর থেকে। অবশ্য বাবুবাজার থেকে ঢাকাপ্রকাশ ইসলামপুরের ১৬ নম্বর বাড়িতে এসেছিল ১২৯১ সনের দিকে। তখন মাসিক ৫০ টাকা বেতনে এর সম্পাদক ছিলেন তখনকার স্বনামখ্যাত কবি দীনেশচরণ বসু। ওই বছর যাদবচন্দ্র সেনের কাছ থেকে বাঙ্গালা মুদ্রণযন্ত্রসহ পত্রিকাটির মালিকানা কিনে নিয়েছিলেন মানিকগঞ্জের হিন্দু তালুকদার গুরুগঙ্গা আইচ চৌধুরী।বাঙালির জীবন ও আর্থসামাজিক ঘটনাপ্রবাহে উনিশ শতকের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে পূর্ববঙ্গের ক্ষেত্রে এর বিশেষ তাৎপর্য রয়েছে। সে সময়ের ঘটনাবলির বিবরণ রয়েছে সাময়িক পত্রপত্রিকায়। মুনতাসীর মামুন তাঁর ঢাকাপ্রকাশ নিয়ে গবেষণাগ্রন্থ ‘ঢাকাপ্রকাশ ও পূর্ববঙ্গের সমাজ ১৮৬৩-৬৪’তে উল্লেখ করেছেন, মফস্বল বলে বিবেচিত হলেও ঢাকাকে কেন্দ্র করে উনিশ শতকের ষাট ও সত্তর দশকে একটি সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছিল। ঢাকা সে সময় আবার পুনরুজ্জীবিত হয় এবং কলকাতার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। ঢাকার সেই পুনরুজ্জীবনের সমাজচিত্রই রয়েছে ঢাকাপ্রকাশ-এ। আধুনিক শিক্ষায় শিক্ষিত মুক্তচিন্তার অধিকারী ও সংস্কারবাদী ব্রাহ্মসমাজের নেতাদের হাতে পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটায় এটি শিক্ষা বিশেষত স্ত্রীশিক্ষা, যোগাযোগ, কৃষি—এসব ক্ষেত্রের সংবাদে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং এ-সংক্রান্ত মতামত প্রকাশ করেছে। এ ছাড়া নীল বিদ্রোহের সময় বিদ্রোহীদের পক্ষাবলম্বন করেছিল পত্রিকাটি। সব মিলিয়ে ঢাকাপ্রকাশ ঢাকার গৌরবেরই উজ্জ্বল অংশ হয়ে আছে।নমুনা সংবাদ: ঢাকাপ্রকাশ-এর বেশ কিছু সংবাদ প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘অন্য আলো’তে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ২০০২ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০০৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার থেকে পরাগ আজিম এগুলো সংগ্রহ করেন। ঢাকাপ্রকাশ-এর অনেক সংবাদেই আলাদা করে শিরোনাম থাকত না। ছোট ছোট শিরোনাম ও টীকাসহযোগে এগুলো অন্য আলোতে প্রকাশিত হয়। পরে এসব সংবাদ নিয়ে ১০০ বছর আগে ঢাকাপ্রকাশ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। একটি নমুনা ‘বাঘের উৎপাত: আমাদের রূপগঞ্জের সংবাদদাতা বলেন, “ধীরতৈল, ছাটার প্রভৃতি গ্রামসমূহে ব্যাঘ্রের ভীষণ উৎপাত আরম্ভ হইয়াছে। প্রতিরাত্রেই গৃহস্থের গো-মেষাদি ব্যাঘ্র কর্ত্তৃক অপহূত হইতেছে। অস্ত্র আইনের প্রভাবে এখন আর দেশী লোকের হস্তে পট্কাটি পর্য্যন্ত থাকিবার যো নাই; কাজেই ব্যাঘ্রাদি হিংস্রজন্তুর উৎপাত নীরবে সহ্য করিতে হয়। যাহা হউক, ধীরতৈল নিবাসী জনৈক ইচু সেখ অতি কষ্টে একটী বন্দুক সংগ্রহ করিয়া সে দিন একটী ৭ ফিট পরিমিত চিতাবাঘ শীকার করিয়াছে”।’ এই সংবাদটি প্রকাশিত হয়েছিল ১৯০২ সালের ২৮ সেপ্টেম্বর।