ঢাকাবাসী আন্দোলনে নেমেছে: ড. কামাল
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ঢাকাকে দুই ভাগ করার মাধ্যমে ঢাকার ঐতিহ্য ভাগ করার চেষ্টা চলছে। এর প্রতিবাদের ঢাকাবাসী আন্দোলনে নেমেছে। প্রয়োজনে দেশের ১৬ কোটি মানুষ আন্দোলনে নেমে প্রতিবাদ জানাবে।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ড. কামাল এ কথা বলেন। ‘শাসনতান্ত্রিক সংকট উত্তরণের উপায়’ শীর্ষক এ আলোচনায় তিনি বলেন, সরকার কারও সঙ্গে আলোচনা না করেই সংবিধান সংশোধন করেছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছে। এখন ঢাকাকে উত্তর-দক্ষিণে ভাগ করতে যাচ্ছে। এটা করা হলে ঢাকার ঐতিহ্য ধ্বংস হবে।জ্যেষ্ঠ সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হয়েছে। কিন্তু দেশটি গণতান্ত্রিক নয়—এই উপলব্ধি যেকোনো বড় সংগঠনের আগে ছাত্রলীগের হয়েছিল। সে জন্য ছাত্রলীগ নিজেদের নামের অংশ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়েছিল। অথচ সেই ছাত্রলীগ এখন চাঁদাবাজি আর দখলবাজি নিয়ে ব্যস্ত। আমি কালের সাক্ষী। ছাত্রলীগ নামের গাছকে আমি মহীরূহে পরিণত হতে দেখেছি। এখন সেই মহীরূহের পাতা ঝরে যাচ্ছে।’মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি দল করি। কিন্তু দলবাজি করি না। দলের অন্যায় সিদ্ধান্ত মেনে নিই না। যেমন মানিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত। ঢাকা ভাগের সিদ্ধান্তও মানি না।’ঢাকা ভাগের সিদ্ধান্ত নেওয়ার আগে এ বিষয়ে উন্মুক্ত আলোচনার প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন অনুষ্ঠানের সভাপতি নুরে আলম সিদ্দিকী। তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আমরা আওয়ামী লীগের আদর্শের উত্তরাধিকার। আপনি রক্তের উত্তরাধিকার। আপনার কাছে আমরা নাকি খালেদা জিয়ার চেয়ে বড় প্রতিপক্ষ। এটা ঠিক নয়। কারণ আমরা আওয়ামী লীগের সৃজনশীল শক্তি।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক নেতা খালেদ মোহাম্মদ আলী, মাহমুদুল ইসলাম চৌধুরী, এম এ রশিদ, কাজী ফিরোজ রশিদ, মতিউর রহমান চৌধুরী, আবুল কাশেম এবং বিশেষ অতিথি হিসেবে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন। আলোচনার শুরুতে ছাত্রলীগের সাবেক সভাপতি ও ১৯৭২-এর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আবদুল রউফের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।