ঢাকাবাসীর ঈদের মিছিল
ঘোড়ায় চড়ে মিছিলের সামনে নবাব; সাপের খাঁচি হাতে বেদেনী; চুড়ির খাঁচি মাথায় চুড়িওয়ালি এবং পেছনে ঘোড়ার গাড়ির বহর—এসব দৃশ্য দেখা গেল ঢাকাবাসীর ঈদের মিছিলে। সেখানে আরও চোখে পড়েছে রকমারি রং আর নকশার ঘুড়ি ও কাগজের ফুল। কারও কারও হাতে ছিল ব্যানার। সেগুলোয় লেখা, ‘ছোট কাটরা, বড় কাটরা, রূপলাল হাউস দখলমুক্ত চাই’, ‘প্রত্যেক ওয়ার্ডে একটি করে খেলার মাঠ চাই’, ‘নগরকে পরিচ্ছন্ন রাখুন ও ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা গড়ে তুলুন’।কয়েক বছর ধরে ঢাকাবাসী সংগঠন ঈদ উপলক্ষে ঈদের আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করে। এবার ঈদের পরদিন বিকেল চারটায় শিশু একাডেমী প্রাঙ্গণ থেকে এই মিছিল বের হয়। সেখান থেকে শিক্ষা ভবন হয়ে হাজারীবাগে সংগঠনের কার্যালয়ে গিয়ে মিছিল শেষ হয়।মিছিলে আসা পুরান ঢাকার প্রখ্যাত কাসিদাশিল্পী জুম্মন সরদার বলেন, ‘হেই দিন আর আইব না মিয়া, কী দিন যে আছিল! আগে ঈদের দিন ছবাই অনেক ফুর্তি করত। মহল্লায় মহল্লায় মেলা অইত। ঈদে ছব মহল্লা থিক্কা মিছিল বাইর অইত। আর পোলাপাইনরা এই বাইত, ওই বাইত যাইত ছেলামির লাইগ্গা। বউজিরা বাইছকোপ দেখতে যাইত। ইগিলা এহন পাইবা কই?’ঈদের মিছিলে এসেছেন নর্থব্রুক হল রোডের বাসিন্দা আফছার উদ্দিন আহমেদ। তিনি জানান, ঈদের আনন্দ মিছিল আগের মতো আর হয় না। একটা সময় ছিল, যখন ঢাকার বিভিন্ন পঞ্চায়েত থেকে বর্ণাঢ্য সাজে মিছিল নিয়ে সবাই একসঙ্গে হতো। তারপর প্রদক্ষিণ করা হতো নগরের বিভিন্ন রাস্তা। তখনকার ঈদের মিছিলের তুলনায় এখনকার ঈদের মিছিল খুবই সাধারণ।বাবার সঙ্গে ঈদের মিছিলে আসা নাজিমউদ্দিন রোডের আফরোজা আরা জানায়, গত বছরও সে তার বাবার সঙ্গে ঈদের মিছিলে এসেছিল। ঘোড়ার গাড়ির বহর তার সবচেয়ে বেশি ভালো লাগে। ব্যান্ড দলের বাদ্যও ভালো লাগে তার।প্রখ্যাত শিল্পী আলম মুসাওয়ার খুব সম্ভবত উনিশ শতকের প্রথমার্ধে ঢাকার ঈদ ও মহররমের মিছিলের ৩৯টি ছবি এঁকেছিলেন, যা রক্ষিত আছে জাতীয় জাদুঘরে। ছবিগুলো দেখে অনুমান করা যায়, উনিশ শতক পর্যন্ত ঢাকার বিভিন্ন উৎসবের মধ্যে প্রধান আকর্ষণ ছিল ঈদের মিছিল। নায়েব-এ-নাজিমদের বাসস্থান নিমতলী প্রাসাদের ফটক থেকে বিভিন্ন পথ ঘুরে চকবাজার ও হোসনি দালান হয়ে সম্ভবত মিছিলটি শেষ হতো আবার নিমতলী এসে। মিছিলে থাকত জমকালোভাবে সজ্জিত হাতি, উট ও পালকি। সামনের হাতিতে থাকতেন নায়েব-এ-নাজিম। বাদ্যযন্ত্র ও রংবেরঙের পতাকা থাকত মিছিলে। দর্শকেরা সার বেঁধে দাঁড়িয়ে থাকত রাস্তার দুই পাশে। প্রতিটি বাড়ির ছাদে দাঁড়িয়েও মিছিল দেখত লোকজন। নায়েব-এ-নাজিমরা যখন নিমতলী প্রাসাদে বসবাস শুরু করেছিলেন, তখন থেকে ঈদের মিছিল শুরু বলে ধারণা করা হয়। তাঁদের আভিজাত্যের প্রচারণা আর ঈদকে জমজমাট করার জন্যই আয়োজন করা হতো এ মিছিলের।নায়েব-এ-নাজিমদের ঈদের মিছিলের মতো এখনকার ঈদের মিছিলের সেই জৌলুস আর নেই। তবু এই আয়োজন কেন, জানতে চাইলে ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুকুর সালেক বলেন, ‘আমাদের ঢাকা শহর এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। এই শহরকে রক্ষায় কিছু দাবি-দাওয়া তুলে ধরা হয় আমাদের ঈদের মিছিলে। এতে যারা অংশ নেয়, তাদের মধ্যেও সচেতনতা তৈরি হয়। কারণ, নগরকে রক্ষায় সরকারের যেমন উদ্যোগ প্রয়োজন, তেমনি নগরবাসীর মধ্যেও সচেতনতা দরকার।’