ঢাকাবাসীর জন্য সাড়ে ২২ কোটি লিটার বাড়তি পানি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায় চালুর ফলে নগরবাসী আজ থেকে দৈনিক সাড়ে ২২ কোটি লিটার অতিরিক্ত সুপেয় পানি পাবেন, যা নগরজীবনে স্বস্তি বয়ে আনবে। আজ বৃহস্পতিবার ঢাকা ওয়াসার নবনির্মিত সায়েদাবাদ পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের (ফেজ-টু) উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, অচিরেই সায়েদাবাদ শোধনাগারের তৃতীয় পর্যায়ের কাজ শুরু করা হবে। এটি বাস্তবায়িত হলে দৈনিক আরও অতিরিক্ত ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। এতে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার অনেক কমে যাবে।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন শুরু করে। পরবর্তী সরকার বসে থাকায় সে উন্নয়ন থমকে যায়। তিনি বলেন, ঢাকা মহানগরীর সুপেয় পানির চাহিদা পূরণে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প গ্রহণ করে। তিনটি পর্যায়ে ভাগ করে এর বাস্তবায়ন শুরু হয়। ২০০১ সালে ওই শোধনাগারের প্রথম পর্যায় (ফার্স্ট ফেজ) চালু হয়। এরপর ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করেনি। এতে ঢাকায় পানি সমস্যা প্রকট আকার ধারণ করে।প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময় সাত বছর শোধনাগারের কোনো কাজই হয়নি। এবার সরকারের দায়িত্ব গ্রহণের পর ২০১০ সালে আমরাই দ্বিতীয় প্রকল্পের কাজ শুরু করি।’উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন—স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা, স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, চেয়ারম্যান মোহাম্মদ রহমতুল্লাহ এবং বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ভেন্দ অলিং। অনুষ্ঠানে ভেন্দ অলিং ঘোষণা দেন, সায়েদাবাদ তৃতীয় পর্যায়ের শোধনাগার নির্মাণের জন্য ১০০ মিলিয়ন (১০ কোটি) মার্কিন ডলার দেবে ডেনমার্ক।