ঢাকাবাসীর হূৎপিণ্ড দুই টুকরা হয়েছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই ভাগ করার মাধ্যমে সরকার ঢাকাবাসীর বুকে ছুরিকাঘাত করেছে; হূিপণ্ড কেটে দুই টুকরা করেছে।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পশ্চিম কাফরুলে হালিম ফাউন্ডেশন মডেল হাইস্কুল প্রাঙ্গণে বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। তাঁর দাবি, এ সরকার যত দিন থাকবে, দেশের ততই ক্ষতি হবে। তাই আন্দোলনের মাধ্যমে সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ডিসিসির বিভক্তি ও হরতালের দিন বিএনপির নেতা সাদেক হোসেন খোকার ওপর হামলার প্রতিবাদে রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি।আজ রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে পৃথক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সরকারদলীয় কর্মীদের হামলায় মোহাম্মদপুরের সমাবেশ পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, হামলায় বিএনপির ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন।বিএনপির সূত্র জানায়, হামলার মুখে স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, রুমানা মাহমুদ ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনসহ বিএনপির নেতারা দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদের বাসায় গিয়ে আশ্রয় নেন।সৈয়দ মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, মোহাম্মদপুর টাউন হলে প্রতিবাদ সমাবেশ করার জন্য আগেই পুলিশের অনুমতি নেওয়া হয়েছিল। তার পরও বুধবার রাতে পুলিশ মঞ্চ ভেঙে দেয়। তিনি বলেন, একই স্থানে একই সময়ে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দেয়। এরপর বিএনপির স্থান পরিবর্তন করে পাশের মাঠে সমাবেশ করতে গেলে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সরকারদলীয় কর্মীরা হামলা চালান।এ ছাড়া বিভিন্ন স্থানে সমাবেশে আসা ব্যক্তিদের পুলিশ গ্রেপ্তার ও ব্যানার ছিনিয়ে নিয়েছে বলে কাফরুলের সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেছেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতার তদন্ত প্রতিবেদন সম্পর্কে বলেন, সরকার ২৬ হাজার মানুষের নামে মামলা করবে বলেছে। ২৫ জন সাবেক মন্ত্রীর বিরুদ্ধেও মামলা দেবে তারা। এর মধ্যে তরিকুল ইসলামের মতো ভদ্র মানুষকেও জড়ানো হয়েছে। উদ্দেশ্য একটাই, বিএনপির হাজার হাজার লোকের নামে মামলা দিয়ে তাঁদের নির্বাচন থেকে দূরে রাখা। আর নিজের অধীনে নির্বাচন করে এরশাদকে বিরোধী দলের নেতা বানানো।কাফরুল থানা বিএনপির আহ্বায়ক আলী আজগর মাতব্বরের সভাপতিত্বে সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হামিদউল্লাহ খান প্রমুখ বক্তৃতা করেন।