ঢাকামুখী মানুষের স্রোত নিয়ন্ত্রণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা প্রণয়নে এগিয়ে, কিন্তু বাস্তবায়নে আমরা পিছিয়ে। তিন দশকে ঢাকার উন্নয়নে গোটা ছয়েক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অথচ সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতার কারণে সেগুলো বাস্তবায়িত হয়নি। রাজধানীর যানজট কমাতে হলে এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়সীমা বেঁধে দিতে হবে। জরুরি কর্মসূচির (ক্র্যাশ প্রোগ্রাম) মাধ্যমে এখনই নিয়ন্ত্রণ করতে হবে ঢাকামুখী মানুষের স্রোত। পাশাপাশি গণপরিবহনব্যবস্থারও উন্নতি করতে হবে।গতকাল শনিবার প্রথম আলো কার্যালয়ের সেমিনার কক্ষে ‘রাজধানী ঢাকা: যানজট ও জনদুর্ভোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নগর পরিকল্পনাবিদ, সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন।বক্তারা বলেন, প্রকৃত অর্থে রাজধানীর মোট আয়তনের মাত্র সাড়ে ৩ শতাংশ সড়ক যানবাহন চলাচলের উপযোগী। তিন দশকে এই শহরে মানুষ বেড়েছে ১০ গুণের বেশি। যানবাহনও বেড়েছে সমানতালে; কিন্তু সেভাবে রাস্তা বাড়েনি। ফলে জনদুর্ভোগ বেড়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে সমাজে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। গোলটেবিল বৈঠকে সঞ্চালকের ভূমিকা পালন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। বৈঠকের শুরুতেই যানবাহন চলাচল ও মানুষের দুর্ভোগ নিয়ে বড় পর্দায় ছবি দেখান মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার (পশ্চিম) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।জনসংখ্যা ও যানবাহন: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সারওয়ার জাহান বলেন, ঢাকায় প্রতি একর জায়গায় গড়ে ৫০০ লোক বাস করে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রতি একরে বাস করে ২৫-৩০ জন। বছরে গড়ে নতুন করে ৫০ থেকে ৬০ হাজার গাড়ি যুক্ত হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে রাস্তা বাড়িয়েও কোনো লাভ হবে না। শহরে ২৫ শতাংশ রাস্তা থাকলে যানজট হবে না—এ ধারণাও ঠিক নয়। আবার রেললাইন সরালেও যানজট কমবে না। বিশ্বের বহু পুরোনো শহরে রাস্তা অনেক কম, কিন্তু সেখানে যানজট নেই। তিনি বলেন, ‘আমাদের দেশে পরিবহনব্যবস্থা মুক্তবাজার অর্থনীতির মতো। এখানে মালিকদের চাহিদা অনুসারে যানবাহন নামছে, রুটও হচ্ছে। এভাবে চললে সমস্যা আরও বাড়বে।’ তিনি বলেন, যানজট কমাতে ঢাকার রাস্তায় পার্কিং বন্ধ করতে হবে। সংকীর্ণ রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করতে হবে। এখন দরকার গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান নগর পরিকল্পনাবিদ জহুরুল হক বলেন, ঢাকাকে একাধারে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কাজের প্রাণকেন্দ্রে পরিণত করা হয়েছে। মানুষের স্রোত বন্ধ করতে হবে। যে হারে গাড়ি বাড়ছে তাতে নগরের রাস্তাঘাট যানবাহন চলাচল বাদ দিয়ে পার্কিংয়ের কাজে ব্যবহার করতে হবে। ঢাকার মূল সমস্যা মানুষের স্রোত। বাইরে থেকে মানুষ এসে ঢাকায় বসতি গড়ছে। এদের ঠেকানো কঠিন, কিন্তু ঢাকায় মানুষের আসা কমাতে হবে।বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক আলমগীর মুজিবুল হক বলেন, গত ৩৫ বছরে ঢাকার জনসংখ্যা ১০ গুণ বেড়েছে। একটি আন্তর্জাতিক সংস্থার হিসাব অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ ঢাকার জনসংখ্যা আড়াই কোটিতে দাঁড়াবে। অথচ যানবাহন ভালোভাবে চলাচলের জন্য রাস্তা আছে বড়জোর সাড়ে তিন শতাংশ। বিকেন্দ্রীকরণের মাধ্যমে এখনই মানুষের স্রোত বন্ধ করতে হবে। এর জন্য বড় ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক তপনকুমার সরকার বলেন, প্রতিদিন ১৮০টি নতুন গাড়ি রেজিস্ট্রেশন পাচ্ছে। এখন পরিস্থিতি এমন হয়েছে যে যানজট কমাতে কীভাবে ছোট গাড়ি নিয়ন্ত্রণ করা যায় সেটা ভেবে দেখার সময় এসেছে। পাশাপাশি ঢাকার প্রধান সড়কগুলো থেকে রিকশা তুলে দেওয়া জরুরি হয়ে পড়েছে। পরিকল্পনা ও সমন্বয়হীনতা: ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক বলেন, রাজধানী ঢাকায় প্রতিদিন ১৮০টি করে নতুন গাড়ি নামছে। অথচ এসব যানবাহনের চলার ব্যবস্থা নেই। পরিকল্পিতভাবে এ শহর গড়ে উঠছে না। বড় বড় ভবন উঠেছে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা নেই। আইন প্রয়োগ করতে গেলেই বিশেষ মহলের অশুভ চাপ আটকে দেয়। এসব হাত ভাঙতে না পারলে কোনো সমস্যার সমাধান হবে না। এর জন্য সমন্বিত পরিকল্পনা অনুসারে না এগোলে কোনো কিছুই হবে না। জহুরুল হক বলেন, রাজউক ঢাকার জন্য প্রথম মাস্টারপ্ল্যান করে ১৯৫৯ সালে। ১৯৯৫ সালে করে ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান (ডিএমডিপি)। বর্তমানে রাজউক পূর্ণাঙ্গ নগর পরিকল্পনা (ডিটেইল এরিয়া প্ল্যান) তৈরি করছে। এসব পরিকল্পনার অধীনে বেশ কিছু রাস্তা তৈরি হয়েছে এবং আরও রাস্তা তৈরির পরিকল্পনা আছে।এ বিষয়ে অধ্যাপক মুজিবুল হক বলেন, রাজধানীর উন্নয়নে ১৯৯১ সালে ঢাকা সমন্বিত পরিবহন পরিকল্পনা (ডিআইটিএস) করা হয়। এরপর একে একে করা হয় ঢাকা নগর পরিবহন উন্নয়ন প্রকল্প (ডিইউটিপি), ডিএমডিপি, ল্যান্ড ট্রান্সপোর্ট পলিসি এবং কৌশলগত পরিবহন পরিকল্পনা। কিন্তু কোনোটারই বাস্তবায়ন নেই। এসব পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), রাজউক, যোগাযোগ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। কিন্তু এসব প্রতিষ্ঠানের একটার সঙ্গে অন্যটার কোনো সমন্বয় নেই। এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে জানেই না।মুজিবুল হক আরও বলেন, রাজউক কাগজে-কলমে পরিকল্পনা করে। বাস্তবায়নের ক্ষেত্রে খুবই পিছিয়ে। তারা রাস্তা বানানোর চেয়ে আবাসন প্রকল্প বানাতেই বেশি তত্পর। কারণ রাস্তা বিক্রি করা যায় না, জমি-বাড়ি-ঘর বিক্রি করা যায়। অন্যদিকে ডিসিসি রাস্তার চেয়ে শপিং মলের দিকেই মনোযোগ বেশি। এখন রাস্তায় সড়ক ব্যবস্থাপনার সব দায়িত্ব পুলিশ পালন করছে। সেটা তাদের পালন করার কথা নয়। সেন্টার ফর আরবান স্টাডিজের সালমা এ শফি বলেন, এসটিপিতে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) করার কথা বলা হয়েছে। একই সময় ভারত ও ইন্দোনেশিয়ায় বিআরটি করার পরিকল্পনা করে। বাংলাদেশ বিআরটি করতে পারেনি। ভারত ও ইন্দোনেশিয়া তা করে ফেলেছে। তিনি বলেন, ‘আমরা পরিকল্পনায় এগিয়ে, কিন্তু বাস্তবায়নে অনেক পিছিয়ে।’অধ্যাপক সারওয়ার জাহান বলেন, ঢাকার কোনো শক্তিশালী অভিভাবক নেই। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সবগুলো সংস্থাকে একটি ছাতার নিচে নিয়ে আসতে হবে।অগ্রাধিকার: নগর গবেষক সালমা এ শফি বলেন, সবার আগে বাসের জন্য বিশেষ লেন স্থাপন, দরকারমতো ফ্লাইওভার নির্মাণ করতে হবে। তবে এর আগে মানুষের পায়ে হাঁটা নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করতে হবে। রাস্তায় অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। ঢাকার জনসংখ্যার ৪০ ভাগ নগর দরিদ্র। এদের আবাসনের বিষয়ে রাজউককে উদ্যোগ নিতে হবে। মুজিবুল হক বলেন, ল্যান্ড ট্রান্সপোর্ট নীতিতে বলা আছে রেলওয়ে প্রতিদিন দুই লাখ যাত্রী পারাপার করবে। রেলওয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা সেটা জানেনই না। যানজট কমাতে হলে ঢাকার আশপাশের সঙ্গে রেল যোগাযোগ আরও জোরদার করতে হবে।সারওয়ার জাহান বলেন, বর্তমানে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে প্রাইভেট কারের ওপর। এরপর বাস, পায়ে হাঁটা। এই ধারণা উল্টে দিয়ে প্রথমে পায়ে হাঁটার পথ ঠিক করতে হবে এবং বাসসেবা উন্নত করতে হবে। প্রাইভেট কার নির্ভরতা কমাতে হবে।ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমে ট্রাফিক সচেতনতাসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। পুলিশ কমিশনার শহীদুল হক বলেন, এসটিপিতে ঢাকার যানজট নিরসনে সব পরিকল্পনাই আছে। এখন বাস্তবায়ন করলেই হয়। যানজট নিরসনে নেওয়া প্রতিটি প্রকল্প বাস্তবায়নের সময়সীমা বেঁধে দেওয়ার কথা বলেন তিনি।গোলটেবিল বৈঠকের সঞ্চালক আব্দুল কাইয়ুম বলেন, মানুষ যাতে নিরাপদে ফুটপাতে হাঁটতে পারে তা নিশ্চিত করতে হবে।সচেতনতা: যানজট নিরসন ও রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালকদের পাশাপাশি পথচারীদেরও সচেতন হতে হবে বলে মনে করেন সব বক্তা। পুলিশ কমিশনার বলেন, চালক ও পথচারী সবার মধ্যে আইন অমান্য করার সংস্কৃতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে গেছে। জরিমানা করেও কোনো লাভ হয় না। পুলিশ ৯৮টি লাইসেন্স পরীক্ষা করে দেখেছে, মাত্র ছয়টি সঠিক ছিল। কিন্তু অদক্ষ চালকদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা কেউ করছে না। সরকার বা মালিকপক্ষ কারও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেই।বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার রফিকুল ইসলাম খানও সচেতনতা সৃষ্টির কাজে স্কাউটদের আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, স্কাউটরা বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন কাজে সহায়তা করছে। যানজট নিরসনেও তারা কাজ করতে প্রস্তুত।‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, বাংলাদেশে যানবাহনচালকদের দক্ষতা পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেওয়া হচ্ছে। শ্রমিক ফেডারেশনের তালিকা ধরে লাইসেন্স দেওয়া হয়। দুর্ঘটনা ও যানজটের এগুলোও কারণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক তপনকুমার সরকার বলেন, শ্রমিক ইউনিয়নের তালিকা ধরে লাইসেন্স দেওয়া বন্ধ করা হয়েছে। চালকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তাঁরা। উদ্যোগ: যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হক খান বলেন, যানজট পরিস্থিতি মোকাবিলায় ছয়টি ওভারপাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী একটি ফ্লাইওভার করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। তারা মিরপুর থেকে বিমানবন্দর সড়কে আসার মতো করে একটি ফ্লাইওভার করতে চাইছে। আবার জাহাঙ্গীর গেট থেকে আবহাওয়া অফিস পর্যন্ত একটি টানেল করারও চিন্তাভাবনা করা হচ্ছে। মালিবাগ-মগবাজার ওভারপাসটি জাইকা করে দিতে চাচ্ছে। ঢাকা বাইপাস এ মাসেই খুলে দেওয়া হলে রাজধানীতে যানবাহনের চাপ কমবে। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার সড়ক চার লেনে রূপান্তর করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ময়মনসিংহ সড়কও চার লেনে রূপান্তরের পরিকল্পনা আছে। ধীরে ধীরে সারা দেশের সব মহাসড়কই চার লেনের করা হবে।ডিএমপি কমিশনার বলেন, যানজট সমস্যা পুলিশ একা সমাধান করতে পারবে না। তবে সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা আনার চেষ্টা করছেন তাঁরা। লেন মেনে গাড়ি চালানো, সিগনাল বাতি অনুসরণ—এসব উদ্যোগ ফল দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ঢাকার পরিবহনব্যবস্থা এমন পর্যায়ে ঠেকেছে, এ থেকে চোখ ফিরিয়ে রাখার কোনো সুযোগ নেই। সরকারের দায়িত্ব হচ্ছে সময়মতো পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা। সচেতনতা সৃষ্টির ব্যাপারে প্রথম আলো সবাইকে সহযোগিতা করতে প্রস্তুত আছে।