ঢাকামুখী যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ আজ সোমবারও বন্ধ আছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:সাভার: ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশি বাধার কারণে আজ ভোর থেকে বাসসহ সব ধরনের যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া, মানিকগঞ্জ, বরঙ্গাইল, ধামরাই, কালামপুর, নবীনগর, সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর ও আমিন বাজার এবং ঢাকা-টাঙ্গাইল সড়কের চান্দরা, বাইপাইল ও আশুলিয়ার মরাগাং এলাকায় পুলিশের তল্লাশি চৌকি বসানো হয়েছে।নারায়ণগঞ্জ: বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ঢাকাগামী যানবাহনে র্যাব ও পুলিশ তল্লাশি চালাচ্ছে। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ সমর্থক নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে লাঠিসোঁটা নিয়ে যানবাহন চলাচলে বাধা দেয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।রাজধানীতে প্রবেশের অন্যতম নারায়ণগঞ্জের কাঁচপুর সেতু, শিমরাইল মোড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের (সংযোগ সড়ক) সাইনবোর্ড, সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী, পাগলা, রূপগঞ্জের চারটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে।এদিকে ওই এলাকার আওয়ামী লীগ-সমর্থক নেতা-কর্মীরা পুলিশের উপস্থিতিতে লাঠি, রড, গাছেল ডাল নিয়ে যানবাহন চলাচলে বাধা দেয় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া তারা গাড়ির চালকদের মারধরও করে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় তারা মহড়া দেয়। এ সময় ওই সড়ক দিয়ে কোনো যান চলাচল করেনি। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (এএসপি), হেডকোয়ার্টার নারায়ণগঞ্জ সদর আবদুর রহিম প্রথম আলোকে জানান, মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের উপস্থিতিতে কেউ লাঠিসোঁটা নিয়ে মহড়া দিচ্ছে না এবং অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না। সরাইল (ব্রা‏‏হ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে আজ ভোর থেকে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ভোর থেকেই মহাসড়কের সরাইল কুট্টাপাড়া মোড়, শাহবাজপুর বাসস্ট্যান্ড, বাড়িউরা বাসস্ট্যান্ড ও বিশ্বরোড মোড়ে বিপুল পরিমাণ পুলিশ অবস্থান করছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্বাস উদ্দিন ও বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট নূর হায়দার তালুকদার প্রথম আলো অনলাইনকে বলেন, যানবাহনকে ঢাকা যেতে বাধা দেওয়া হচ্ছে না। তবে আজ দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসও মহাসড়কে চলেনি।এ ব্যাপারে ব্রা‏হ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক সমিতির সভাপতি মনসুর আহমেদ দানা বলেন, মহাসড়কে যান চলাচলে প্রশাসনের কোনো বাধা নেই। কিন্তু অগ্নিসংযোগ ও ভাঙচুরের ভয়ে মহাসড়কে দূরপাল্লার কোনো গাড়ি নামতে দেওয়া হচ্ছে না।