ঢাকায় অনুমোদনবিহীন ভবনের পরিসংখ্যান রাজউকে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় অনুমোদনবিহীন ভবনের সঠিক পরিসংখ্যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে নেই। জাতীয় সংসদে আজ মঙ্গলবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংসদদের এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মুন্সিগঞ্জের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানী ঢাকায় কী পরিমাণ বাড়ির মালিক রাজউক কর্তৃক বাড়ির নকশা অনুমোদন করেননি, তার সঠিক পরিসংখ্যান এ মুহূর্তে রাজউকে নেই। তবে এ বিষয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে জানান, ঢাকায় রাজউকের অনুমোদনবহির্ভূত নকশার ভিত্তিতে যেসব ভবন নির্মিত হয়েছে, তা চিহ্নিত করার কাজ প্রক্রিয়াধীন। এরই মধ্যে এ ধরনের অনুমানিক চার হাজার ভবন চিহ্নিত করা হয়েছে। তালিকা চূড়ান্ত করা হলে মালিকদের নাম, ঠিকানা ও ভবনের নির্মাণকাজ সম্পর্কে তথ্য দেওয়া সম্ভব হবে।