ঢাকায় আসছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কংগ্রেসের চার সদস্যের একটি প্রতিনিধিদল ২৬ থেকে ২৭ জানুয়ারি বাংলাদেশ সফর করবে। গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন কংগ্রেসম্যান জ্যাক কিংস্টন। তাঁর সঙ্গে থাকবেন কংগ্রেসম্যান অ্যাড হুইটফিল্ড, কংগ্রেসম্যান স্কট টিপটন ও কংগ্রেসম্যান অ্যাডাম সিফ।বাংলাদেশ সফরকালে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাত্ করতে পারে। ঢাকায় অবস্থানকালে মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদল কয়েকটি গার্মেন্টস কারখানাও পরিদর্শন করতে পারে। এ ছাড়া ঢাকার মার্কিন দূতাবাস তাদের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।ঢাকা সফরে আসার আগে প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে আলাদাভাবে সাক্ষাত্ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। এ সময় রাষ্ট্রদূত মার্কিন বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্য-সম্ভাবনা ধরে রাখতে জিএসপি-সুবিধা অব্যাহত রাখার গুরুত্বের ওপর তৈরি করা একটি ডকুমেন্ট কংগ্রেসম্যানদের কাছে হস্তান্তর করেন।সফরের সময় পোশাক কারখানা পরিদর্শনের সুযোগ প্রতিনিধিদলকে বাংলাদেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। এই অভিজ্ঞতা মার্কিন প্রশাসনকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিষয়ে তাঁদের মতামত দিতে সহায়তা করবে বলেও জানান তাঁরা।