ঢাকায় এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে আগামী এক মাস রাজধানীতে কোনো রাজনৈতিক দলকে সাধারণত সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।আজ রোববার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় জোরারগঞ্জ থানা উদ্বোধন করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে জোরারগঞ্জ থানা গঠিত হলো।স্বরাষ্ট্রমন্ত্রী মুঠোফোনে প্রথম আলো ডটকমকে আরও জানান, অনেকেই প্রতিশ্রুতি দেন শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করবেন। কিন্তু পরে দেখা যায়, সভা-সমাবেশের মাধ্যমে তাঁরা জানমালের নিরাপত্তা বিঘ্নিত করেন। দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যান। সম্প্রতি হেফাজতে ইসলামের সমাবেশে তা প্রমাণ হয়েছে। তিনি বলেন, এসব কারণে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আগামী এক মাস সাধারণত সভা-সমাবেশ নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে।মন্ত্রী আরও বলেন, তবে কেউ যদি সদাচরণের প্রতিশ্রুতি দেন, তাহলে সভা-সমাবেশের বিষয়টি বিবেচনা করা হতে পারে। তবে তিনি আবারও উল্লেখ করেন, এর আগে অনেকেই প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছেন। তিনি বলেন, হেফাজতে ইসলাম তাদের এ ধরনের কর্মসূচিতে শাপলা চত্বরে ৬৩৫টি কোরআন পুড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সব সময় সাংবিধানিক অধিকার বাস্তবায়ন হয় না। মহাসেনের প্রভাবে মৃত্যুর হার বেশি না হলেও অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সেখানে ত্রাণকার্যক্রম পরিচালনার জন্য দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি প্রয়োজন। এ জন্য এক মাস সভা-সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’ তিনি বলেন, ‘এটি শুধু বিরোধী দলের ওপর নয়, সরকারি দলের ওপরও কার্যকর হবে।