ঢাকায় এসে উধাও ৩৭০ পশুপাখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নথির তথ্য অনুযায়ী সব মিলিয়ে ৫৪০টি প্রাণী। এগুলোর গন্তব্য ছিল পাকিস্তানের করাচি। কিন্তু ৩ জানুয়ারি প্রাণীগুলো চলে আসে ঢাকায়। ওই দিন রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর লাপাত্তা হয়ে যায় ৩৭০টি পশুপাখি। উধাও হওয়া এসব প্রাণী সম্পর্কে বন বিভাগ সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। তবে তারা বলছে, উধাও হওয়া প্রাণীগুলো বৈধভাবেই আমদানি করা হয়েছে। বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, এই ৫৪০টি পশুপাখির আন্তর্জাতিক বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় সোয়া ১১ কোটি টাকা। এই প্রাণীগুলোর পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও সিঅ্যান্ডএফ এজেন্ট এমকে এন্টারপ্রাইজের মাধ্যমে শাহজালাল বিমানবন্দরে মাত্র ১৬ হাজার টাকায় শুল্কায়ন করেছে ঢাকা কাস্টম হাউস।আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, কাতার এয়ারওয়েজের উড়োজাহাজে করে পাচারকারী চক্র বিভিন্ন প্রজাতির ৫০০টি পাখি ও ৪০টি বিরল প্রজাতির ছোট বানর দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসে। এর মধ্যে ১০টি বানর ও ১৬০টি পাখিসহ সিঅ্যান্ডএফ এজেন্ট এমকে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তি ৩ জানুয়ারি ধরা পড়েন আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। বাকি ৩৪০টি পাখি ও ৩০টি বানরের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার করা পাখি ও বানরগুলো নিজেদের হেফাজতে নিয়ে মূল আসামি নূরুল হুদা মঞ্জুকে পলাতক দেখিয়ে বন বিভাগ বিমানবন্দর থানায় একটি মামলা করে। তবে বিমানবন্দর থেকে উধাও হওয়া প্রাণীগুলো বৈধ বলে মনে করছে বন বিভাগ। তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বলেন, ‘মামলার তদন্ত চলছে। নূরুল হুদার সাভারের বাসায় আমরা অভিযান চালিয়েছিলাম। সেখানে কবুতরসহ কয়েকটি খোপ ছাড়া আর কিছু পাওয়া যায়নি।’ এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোতাজ্জেল হোসেন বলেন, ‘এভাবে এক দেশের নাম করে আরেক দেশে প্রাণী আনা বেআইনি। আমরা মোট ১৭০টি পশুপাখি পেয়েছি। বাকিগুলোর ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ আন্তর্জাতিকভাবে যেকোনো প্রজাতির বন্য প্রাণী ও উদ্ভিদ কেনাবেচায় সংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতাকে জাতিসংঘের অঙ্গসংগঠন সাইটিসের অনুমোদন নিতে হয়। তবে ঢাকায় আনা ২০০টি আফ্রিকান গ্রে প্যারট, ১০০টি গ্রিন চিকড কনকিউরি, ৪০টি কমন মারমোসেট (ছোট বানর) ও ২০০টি লাভবার্ডের জন্য সাইটিসের দেওয়া অনুমোদনপত্রে ক্রেতা হিসেবে হাইটেক নামে পাকিস্তানি একটি প্রতিষ্ঠান ও মাসুদ এ সিদ্দিকি নামের এক ব্যক্তির নাম রয়েছে। ঠিকানা হিসেবে উল্লেখ আছে ‘কক্ষ নম্বর ৩, ষষ্ঠ তলা, সুলেমান সেন্টার, জোদিয়া বাজার, করাচি, পাকিস্তান’। এর পাশে বিক্রেতা হিসেবে ‘প্যারটস এসএ’ নামের একটি দক্ষিণ আফ্রিকান পাখি বিপণনকারী প্রতিষ্ঠানের নাম লেখা আছে। অথচ সাইটিসের অনুমোদনপত্রে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের নামই পাওয়া যায়নি। তালিকায় ছিল না প্রাণীগুলোর রং, ওজন, উচ্চতার মাপ। নেওয়া হয়নি প্রাণী আমদানির জন্য বাংলাদেশের বন বিভাগের কোনো ধরনের অনুমোদনপত্র। এয়ারওয়ে বিলে ক্রেতার স্থানে বাংলাদেশের ‘রাজু ট্রেডার্স, নাজমুল হুদা মঞ্জুর’ লেখা থাকলেও ঠিকানা হিসেবে সংক্ষিপ্তভাবে ‘সাভার, ঢাকা’ উল্লেখ করা হয়। ২ জানুয়ারি সোনালী ব্যাংকের কাস্টম হাউস শাখার শুল্ক পরিশোধের রসিদে ‘৪০/এ ইমান্দিপুর, সাভার, ঢাকা’ ঠিকানা লেখা হয়েছে। এর আগেই গত ৩১ ডিসেম্বর ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শওকত আলী, দুই সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জিন্নাতুল ফেরদৌস ও মো. আবদুস সালাম রসিদে স্বাক্ষর করেন।এ ব্যাপারে সহকারী রাজস্ব কর্মকর্তা জিন্নাতুল ফেরদৌস প্রথম আলো ডটকমকে বলেন, ‘এয়ারওয়ে বিল দেখে আমরা সাময়িক শুল্কায়ন করি।’ সাইটেকের অনুমোদনপত্রে পাকিস্তানি প্রতিষ্ঠানের নাম থাকার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।উধাও হওয়া বানর ও পাখিগুলো সম্পর্কে বন বিভাগের বন সংরক্ষক (বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ সার্কেল) তপন কুমার দে প্রথম আলো ডটকমকে বলেন, ‘ওগুলো তো বৈধ। এসব লাভবার্ড। এর আর কতই বা মূল্য।’ সাইটিসের কাগজ দেখানোর পর অবশ্য এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।’এদিকে শুল্ক পরিশোধের রসিদে উল্লেখ করা ক্রেতা নাজমুল হুদা মঞ্জুরের সাভারের ইমান্দিপুরের বাড়িতে গত মঙ্গলবার গিয়ে কবুতরের খোপ ছাড়া অন্য কোনো পশুপাখি চোখে পড়েনি। সাভারের বাড়ি পরিদর্শন করে আসার পরপরই মুঠোফোনে তিনি প্রতিবেদন না করতে হুমকি দেন। অথচ বিমানবন্দর থানায় বন বিভাগের করা মামলায় নাজমুল হুদা মঞ্জুরকে পলাতক দেখানো হয়েছে। জানা গেছে, পলাতক থেকেই ১৪ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন নেন মঞ্জু। তবে গ্রেপ্তার হওয়া মোস্তাফিজুর রহমান এখনো (২২ জানুয়ারি পর্যন্ত) জামিন পাননি। বন্য প্রাণী পাচার রোধে দেশের বিমান ও স্থলবন্দরগুলোয় সাইটিস ও বন বিভাগের সমন্বয়ে বিশেষ সেল খোলার পরামর্শ দিয়েছেন প্রাণী বিশেষজ্ঞ আনিসুজ্জামান খান। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘হাতবদল হয়ে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পর বন্য প্রাণীর মূল্য বেড়ে যায়। তাই এ ধরনের কার্যক্রম রোধে সেল গঠনের পাশাপাশি যেসব সংস্থা বন্য প্রাণী আমদানি-রপ্তানি করে থাকে, তাদের আন্তর্জাতিক আইন সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তাদের এই ধারণা দেয়া ও সচেতন করার দায়িত্ব আমাদের বন বিভাগেরই।’