ঢাকায় পৌঁছেছেন রবার্ট ব্লেক
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক চার দিনের সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় পৌঁছেছেন। তাঁকে বহনকারী চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানটি বেলা দুইটা ১৭ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বাংলাদেশ সফরের সময় রবার্ট ব্লেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবেন।সফরের প্রথম দিনে রবার্ট ব্লেক আজ সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে দেখা করবেন।কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, রবার্ট ব্লেকের সফরে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গটি বিশেষ গুরুত্ব পাবে।প্রসঙ্গত, ২০০৯ সালের মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে যোগ দেওয়ার পর বাংলাদেশে রবার্ট ও. ব্লেকের এটি দ্বিতীয় সফর। তিনি ২০০৯ সালের ১৩ জুন দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন।