ঢাকায় প্রণব, দেখা করবেন না খালেদা জিয়া (ভিডিও)
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্ত্রী শুভ্রা মুখার্জিকে নিয়ে আজ রোববার ঢাকায় এসেছেন। তাঁকে বহনকারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দুপুর সাড়ে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রণব মুখার্জিকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।এদিকে, আগামী সোমবার বিকেলে প্রণব মুখার্জির সঙ্গে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাত্ করার কথা থাকলেও হরতালে নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হচ্ছে না বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।প্রণব মুখার্জি ঢাকায় পৌঁছানোর পর তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন প্রণব মুখার্জি। তিনি সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।বিকেলে প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তাঁর হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাত্ করবেন।