ঢাকায় মোটামুটি শান্তিপূর্ণ হরতাল চলছে (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজধানী ঢাকায় মোটামুটি শান্তিপূর্ণভাবে হরতাল চলছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের জানানো খবর:
মিরপুর
পীরেরবাগ এলাকায় সকাল সাতটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া করে। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আশপাশের গলিতে লুকিয়ে পড়েন। পরে পুলিশের সংখ্যা বাড়ানো হলে তাঁরা পালিয়ে যান।মিরপুরে গতকালের তুলনায় আজ যান চলাচল বেড়েছে। সড়কে গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ি কম চলছে। মিরপুরের প্রধান প্রধান এলাকায় দোকানপাট খোলা রয়েছে।গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যরাও মোতায়েন রয়েছেন। মিরপুর-১০, শ্যাওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১, মিরপুর-১২, মিরপুর-সাড়ে ১১—এসব এলাকায় আওয়ামী লীগের কর্মীরা রয়েছেন। সকাল থেকেই তাঁরা হরতালবিরোধী খণ্ড খণ্ড মিছিল করছেন।মিরপুর জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. সাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ এলাকায় আজ কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পীরেরবাগে যেটা ঘটেছে, সেটা খুবই ছোট ঘটনা। হরতালকারীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুরান ঢাকা
সকাল সাড়ে ছয়টার দিকে কোতোয়ালি থানাধীন বাংলাবাজার-লালকুঠি এলাকায় ১৪-১৫ জন জামায়াত-শিবিরের একটি দল কয়েকটি যানবাহন ভাঙচুর করে। তারা ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় পুলিশের ওপর শিবিরকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কয়েক দফা রাবারের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
কমলাপুর
দক্ষিণ কমলাপুর জামে মসজিদের পাশে জামায়াত-শিবিরের কর্মীরা জড়ো হচ্ছেন—এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে গিয়ে কয়েক দফা শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এতে ১২ বছরের এক শিশু গুলির ছড়রা লেগে আহত হয়েছে। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল জোনের পেট্রোল ইন্সপেক্টর শেখ আবুল বাশার। এদিকে দক্ষিণ কমলাপুরের একটি মেস থেকে শিবিরের পাঁচজন কর্মীকে আটক করেছে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁদের আটক করে। এঁদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন: ইফতেখার, রবি, হেদায়েত ও বায়োজিদ।মতিঝিল থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) বি এম ফরমান আলী প্রথম আলো ডটকমকে বলেন, ওই মেসের সামনে দুটি ককটেল রাখা আছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে এই পাঁচজনকে আটক করে। এ সময় দুটি ককটেল উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মতিঝিল থানায় নেওয়া হয়েছে।
মতিঝিল কমলাপুর
বেলা দেড়টার দিকে মতিঝিলের সিটি সেন্টারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
ট্রেন চলাচল স্বাভাবিক, যাত্রী কম
জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছেড়ে গেছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে আসা অধিকাংশ ট্রেন কমলাপুর স্টেশনে নির্ধারিত সময়ে পৌঁছেছে। তবে যাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম।কমলাপুর রেল স্টেশনের স্টেশন ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন খান প্রথম আলো ডটকমকে জানান, সব জায়গায় টেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দু-একটি ছাড়া বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে গেছে।কমলাপুর স্টেশনের কয়েকটি বুকিং কাউন্টারে কথা বলে জানা যায়, সকাল থেকেই যাত্রীদের উপস্থিতি তুলনামূলক কম। তবে যাঁরা টিকিট কিনতে আসছেন, তাঁদের টিকিট দেয়া হচ্ছে।এদিকে কমলাপুর স্টেশনে যাত্রীর জন্য অপেক্ষারত সিএনজি অটোরিকশার চালক শফিকুর ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘হরতালের কারণে যাত্রী পাওয়া যাচ্ছে না। সকাল ছয়টায় বেরিয়েছি। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র ২০০ টাকা আয় হয়েছে। অটোরিকশার মালিককে আধা বেলার জমা ৫০০ টাকা কীভাবে দেব, তা নিয়ে চিন্তিত আছি।’