ঢাকায় যা দেখছি, কোনোটিই টেকসই নয়: ভূমি প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য সব রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে নীতিমালা তৈরি করতে হবে। যারা ক্ষমতায় আছে বা ক্ষমতায় আসবে, তাদের একটি নীতিমালাই অনুসরণ করতে হবে।আজ মঙ্গলবার প্রথম আলো আয়োজিত টেকসই ভূমি ব্যবস্থাপনা: বাংলাদেশ প্রেক্ষিত শীর্ষক গোলটেবিল আলোচনায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, টেকসই ভূমি ব্যবস্থাপনা নিয়ে ২০ বছর পরে ভাবলে হবে না, এখনই ভাবতে হবে। ঢাকা শহরে যা দেখছি, তার কোনোটিই টেকসই নয়। টেকসই ভূমি ব্যবস্থাপনার জন্য সব রাজনৈতিক দলকে মতৈক্যে আসতে হবে। যারা ক্ষমতায় আছে বা আসবে, তাদের সবাইকে টেকসই ভূমি ব্যবস্থাপনার ব্যাপারে এক নীতিতে আসতে হবে। যে দলই ক্ষমতায় আসুক না কেন, একটি নীতিমালাই অনুসরণ করবে। এ সময়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর চেয়ে পাঁচগুণ বেশি ভাবতে হবে ভূমি এবং পরিবেশ নিয়ে।প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সব দল এক হলে সমন্বিত নীতিমালা গ্রহণ করা সম্ভব। আগে নীতিমালা করলে আমার মতো প্রতিমন্ত্রী দিয়ে কিছুই হবে না। এ জন্য সব দলের নেতাদের এক করতে হবে। যার যে দল আর মতই থাকুক না কেন, সবাইকে সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। ভূমি, স্বাস্থ্য, শিক্ষা—সবকিছুতেই নিতে হবে সর্বদলীয় সিদ্ধান্ত। সরকারের মধ্যে পার্থক্য হবে ব্যবস্থাপনাগত এবং আচারে।’ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, পঞ্চদশ সংশোধনীর আগে সংবিধানে জলবায়ু বা জলাভূমি বিষয়ে কিছু ছিল না। সর্বশেষ সংশোধনীর মাধ্যমে এই বিষয়টিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কারণে ভূমি ব্যবস্থাপনা নিয়ে নতুনভাবে ভাববার ক্ষেত্র তৈরি হয়েছে। জমি সীমিত বলে উত্পাদন বাড়াতে হবে। সে জন্য বাস্তব চিত্র চিহ্নিত করে পরিকল্পনা গ্রহণ করতে হবে। জমি নষ্ট না করে বাসভবনগুলোকে ওপরের দিকে উঠতে দিতে হবে। সরকারের কাছ থেকে ইজারা নেওয়া জমির অপব্যবহার বন্ধ করতে হবে। এই অপব্যবহারকারীদের পেছনে রয়েছে রাজনৈতিক শক্তি।বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী বলেন, সাংবিধানিক দায়বদ্ধতার কারণে টেকসই ভূমি ব্যবস্থাপনা নিয়ে ভাবতে হবে। মন্ত্রণালয় এবং বিভাগগুলোকে সমন্বিত সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।