ঢাকায় লোকজ উৎসব ৫ এপ্রিল
দেশে ও বিদেশে পর্যটনশিল্পের বিকাশে লোকজ উৎসব আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। ৫ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই উৎসবের আয়োজন করা হয়েছে।আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ জামান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের যুগ্ম সচিব অঞ্জলি রানী চক্রবর্তী ও গভর্নিং বডির সদস্য এ কে এম বারী।আখতারুজ জামান খান জানান, দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলার আবহমান সংস্কৃতি, ঐতিহ্য, সভ্যতা ও কৃষ্টি তুলে ধরতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘বাংলাদেশ ফোক ফেস্টিভ্যাল ২০১৩’ শিরোনামে এই লোকজ উত্সবের আয়োজন করেছে।উত্সবে বাংলাদেশি পোশাক, দেশি খাদ্য, হস্ত ও কারুশিল্প, দেশি যানবাহন ও গ্রামীণ বাংলার খেলাধুলা প্রদর্শনীর মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি ফুটিয়ে তোলা হবে। এ ছাড়া, সেখানে লোকসংগীত ও মেহেদি উৎসব হবে। ৫ এপ্রিল বেলা ১১টায় লোকজ উত্সবের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।