ঢাকার ঈদ, ঢাকার বাইরের ঈদ
একটা তালা জোগাড় করতে পারলাম না বলে এবার ঢাকা ছাড়া হলো না। হা হা হা হা...আমরা চার ভাইবোন একসময় ঢাকায় থাকতাম। আম্মা আর ছোট ভাই রংপুরে। ঈদে বাড়ি যেতাম। আম্মা বলে দিয়েছিলেন, ‘তোমরা এক বাসে এসো না।’ আমরা একেকজন একেক বাসে যেতাম।ঈদের সময় বাড়ি যাওয়ার মতো কষ্ট আর হয় না। প্রথম কষ্ট ছিল টিকিট পাওয়া। যখন আমরা ছাত্র ছিলাম, তখন ঈদের টিকিটের জন্য ভোরবেলা বাসের কাউন্টারে যাওয়ার মতো দুঃসাহসিক কাজও আমাদের করতে হয়েছে। আর এখন? সত্য কথা বলব? টিকিট আসলে কাউন্টারে লাইনে দাঁড়িয়ে পাওয়া যায় না, টিকিট পাওয়া যায় ফোন করে। রংপুরের সবচেয়ে ভালো গাড়িটির মালিকদের একজন ছিল আমার সহপাঠী, আরেকজন আমার মেজ ভাইয়ের। টিকিট কীভাবে পেতে হয়, এটা আমরা এখন জানি।কিন্তু টিকিট পাওয়াটাই সব নয়। ঈদের সময় গাড়ি কখনো ঠিক সময় ছাড়ে না। কারণ, রাস্তায় ভীষণ যানজট হয়। কয়টার গাড়ি কয়টায় ছাড়বে, কেউ বলতে পারে না। সকাল আটটার গাড়ির জন্য আপনি সাড়ে সাতটায় বাস টার্মিনালে গেলেন। দারাপুত্রপরিবারসমেত। গৃহপরিচারিকারাও আছেন। কোলের বাচ্চা, দুগ্ধপোষ্য শিশু। কারও বা পেটেই বাচ্চা। সেই গাড়ি আসবে বারোটায়, ছাড়বে একটায়। তারপর পৌঁছাবে কখন, কেউ জানে না। রাত বারোটায় পৌঁছালে বলতে হবে, আপনি সৌভাগ্যবান।রাস্তার মধ্যে যানজটে গাড়ি দাঁড়িয়ে থাকে। রোদে-গরমে বাচ্চারা ঘেমে একেবারে আলুভর্তা হয়ে যায়। ইফতারির সময় গাড়ি দাঁড়িয়ে আছে কোনো এক অজানা রাস্তায়, বিজন জায়গায়। কিছুই করার নেই; যদিও কোত্থেকে ফেরিওয়ালারা পানির বোতল আর কিছু ইফতারি নিয়ে হাজির হয়ে যায় ঠিকই। রাত একটায় পৌঁছালেন বাড়ি। পৌঁছানোর কথা ছিল আগের দিন বেলা দুইটায়। ক্লান্ত-ধ্বস্ত শরীর। পা আর চলছে না।বাড়ি পৌঁছানো মাত্রই সব কষ্ট এক ফুত্কারেই যেন উবে গেল। আম্মা জেগে আছেন—এতক্ষণ লাগল? আয়, হাতমুখ ধো। ভাত খা!বাড়িভর্তি ভাইবোন, ভাবি, বাচ্চা-কাচ্চা। কী আনন্দ! কী আনন্দ! ঈদের চাঁদ দেখা গেল তো সন্ধ্যায় টেলিভিশনে বেজে উঠল, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ।’ সত্যি, কী যে আনন্দ লাগছে নিজের মনে।স্থায়ী ঢাকাবাসীরা এই আনন্দ বুঝবেন না। ঈদের জামাতে দেখা হয়ে যাচ্ছে পুরোনো দিনের বন্ধুদের সঙ্গে। একেকজন দেশের একেক স্থানে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। সবাই এসে গেছেন ঈদ উপলক্ষে। কোলাকুলি করতেও কত আনন্দ। ‘হায় মাঝে হলো ছাড়াছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়।’এই তো বছর কয়েক আগের কথা। ভাইবোন সবাই রংপুর গেছেন। আমি একা ঢাকায়। সকালবেলা একা একা নামাজ পড়তে গেলাম স্থানীয় মসজিদে। জায়নামাজ গুটিয়ে চারদিকে তাকিয়ে দেখি সবাই অপরিচিত। নিজেকে এমন অনাথ মনে হলো! কোলাকুলি যে করব, কাউকে পাচ্ছি না। কোনো মানে হয়!ঢাকার স্থায়ী বাসিন্দারা একটা কথা ঈদের এই সময়টাতে বলেন, ইশ্, সারা বছর যদি ঢাকা এমনি ফাঁকা থাকত! যানজট নেই!কথাটা নির্দোষ বটে! কারণ, ঢাকার রাস্তাঘাট যানজটমুক্ত থাকুক, কে না চায়। কিন্তু কথাটা একটা অসম্ভব আবদারের মতোই। এই ঢাকা তো তাহলে চলতই না। মাগুরা থেকে সাকিব আল হাসান আসবেন, নড়াইল থেকে মাশরাফি বিন মর্তুজা, বগুড়া থেকে মুশফিকুর রহিম, রংপুর থেকে নাসির, চট্টগ্রাম থেকে তামিম ইকবাল, যুক্ত হবেন ঢাকার মোহাম্মদ আশরাফুলের সঙ্গে, তাহলেই না বাংলাদেশ জয়লাভ করবে। আবার ঈদের সময় সবাই নিজ নিজ এলাকায় ফিরেও যাবেন। এখনো যান। সাকিব আল হাসান মাগুরায় চলেও গেছেন হয়তো এরই মধ্যে।আমরা ঈদ এলে ঢাকার বাইরে চলে যাই, যার যার আদিস্থানে। আবার ঢাকায় ফিরেও আসি। ঢাকাকে আমরা ভীষণ ভালোওবাসি। হোক না ঢাকা পৃথিবীর সবচেয়ে খারাপ আবাসভূমি, সবচেয়ে বাজে শহর। তবুও।নির্মলেন্দু গুণ, নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রাম থেকে এসে লিখেছিলেন:এই ঢাকাতেই মুখে চুমুএর ধুলোতেই ধিক থু।এই ঢাকাতেই জন্ম এবংএর ধুলোতেই মৃত্যু।আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরের নাম ঢাকা।কিন্তু তা সত্ত্বেও ঈদের জন্য এই ছিমছাম ঢাকা, এই ফাঁকা ঢাকা, আমার জীবিকা ও লেখালেখির সুযোগ দানকারী ঢাকা আমার পছন্দ নয়।আমার পছন্দ রংপুর। আমাদের সুপুরি-কৃষ্ণচূড়াশোভিত লক্ষ্মী-শহর রংপুর, যেখানে আমি আমার শৈশব-কৈশোর কাটিয়েছি।এবং যেখানে আমার আম্মা থাকেন।এবার আমি রংপুর যাইনি।এবার আম্মাই ঢাকায় এসেছেন।তবুও, রংপুরের বাসায়, সব ভাইবোন মিলে ঈদের চাঁদ দেখতে দেখতে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’ শুনতে শুনতে সদ্য পাওয়া উপহারের প্যাকেট খোলার সন্ধ্যাটিকে আমি মিস করছি।তালা দিয়ে গেছেন তো!আপনারা যাঁরা অনেক কষ্ট সহ্য করে, অনেক দুর্ভোগ ভোগান্তি স্বীকার করে নিজের উত্সভূমিতে ফিরে গেছেন, আমি আপনাদের ঈর্ষা করছি।আপনাদের ঈদ সুন্দর হোক।আমাদের জন্যও একটু শুভেচ্ছা জানান, আমাদের ঈদও যেন সুন্দর হয়।আর ঢাকা শহরে আপনার বাসাটির জন্য দুশ্চিন্তা করবেন না। আশা করি, আপনারা সবাই বাড়ির দরজায় তালা লাগিয়ে গেছেন।নিরাপত্তার জন্য তালাই যথেষ্ট।যাঁরা যাঁরা তালা লাগাতে ভুলে গেছেন, তাঁদের ব্যাপারে আমার বক্তব্য, আপনাদের ভ্রমণ আনন্দময় হোক।