ঢাকার খালগুলো রক্ষায় বেলার আইনি নোটিশ
ঢাকা মহানগরের সব খাল রক্ষা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। নোটিশের মাধ্যমে অবিলম্বে খালগুলোর ওপর অপরিকল্পিতভাবে নির্মিত কালভার্ট অপসারণসহ দখল ও ভরাট কার্যক্রম বন্ধ করে প্রয়োজনীয় সংস্কার করে আগের অবস্থায় ফিরিয়ে আনার জোরালো দাবি জানানো হয়।খালগুলো রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপ নোটিশ পাঠানোর সাত দিনের মধ্যে বেলাকে অবহিত করারও অনুরোধ জানিয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও কর্তৃপক্ষকে জানানো হয়।বেলার নোটিশে বলা হয়েছে, ৪৩টি খালের মধ্যে পূর্ণ মৃত ও অস্তিত্বহীন খালে পরিণত হয়েছে ২২টি এবং মৃত্যুর অপেক্ষায় রয়েছে ২১টি খাল। মৃতপ্রায় খালগুলোর অস্তিত্বও আজ হুমকির মুখে।বেলা আইনি নোটিশে বলা হয়েছে, খাল ভরাট করা দেশে প্রচলিত আইনের পরিপন্থী। একই সঙ্গে এটি মহানগর, বিভাগীয় শহর, জেলা শহর ও পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০-অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।আজ বুধবার ঢাকা সিটি করপোরেশনের মেয়র, ঢাকা সিটি করপোরেশন, সচিব, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসককে এ আইনি নোটিশ দেওয়া হয়।বেলা কর্তৃপক্ষ এ ব্যাপারে জানায়, একসময় ঢাকা মহানগরে অসংখ্য ছোট-বড় খাল ছিল। ১৯৯০ সালের প্রারম্ভে ঢাকা ওয়াসা কর্তৃক পরিচালিত এক জরিপে শতাধিক খালের অস্তিত্ব স্বীকার করা হলেও সময়ের বিবর্তনে এ সংখ্যা কমে ৪৩টিতে সীমাবদ্ধ রয়েছে।