ঢাকার ঘটনার পর কুমিল্লাও উত্তাল হয়ে ওঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরে বায়ান্নর ভাষা আন্দোলনের মিছিল হতো কান্দিরপাড় এলাকাকে কেন্দ্র করে। ছাত্র-জনতা মিছিল নিয়ে টাউন হলে আসত। একুশে ফেব্রুয়ারি ঢাকার ঘটনা শোনার পর আমরা নজরুল এভিনিউ এলাকা থেকে মিছিল নিয়ে বের হই। শহরের চকবাজার, রাজগঞ্জ, মোগলটুলী ও বাগিচাগাঁও থেকে মিছিল নিয়ে জনতা দল বেঁধে আসে। যতটুকু মনে পড়ে, শহরের রানীর বাজার এলাকায় পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি হয়। ভাষা আন্দোলনের সময় আমি রেভল্যুশনারি সোশালিস্ট পার্টির (আরএসপি) সঙ্গে যুক্ত ছিলাম। কংগ্রেসের নেতা ধীরেন্দ্রনাথ দত্ত ও কুমিল্লা পৌরসভার মেয়র অতীন্দ্র মোহন রায়ের মধ্যে বাংলা ভাষার মর্যাদা আদায় প্রসঙ্গে বেশ কথাবার্তা হচ্ছিল। ছাত্র ফেডারেশন, তমদ্দুন মজলিসের নেতারা ভাষার দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। কুমিল্লায় ভাষা আন্দোলনে অগ্রগণ্য ছিলেন সিরাজুল ইসলাম, ফয়েজ উল্লাহ, জিয়াউল হক, মোহাম্মদ উল্লাহ, সফিউল আলম, নুরুল্লাহ, বদরুল হুদা চৌধুরী, আবদুল জলিল, শহীদুল্লাহ, গিয়াস কামাল চৌধুরী, তাহের উদ্দিন ঠাকুর, মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ, আবুল কালাম শামসুদ্দিন, আমিরুল ইসলাম মজুমদার প্রমুখ। এর মধ্যে শহীদুল্লাহ ছিলেন কবি। তিনি একদিন লিখলেন ‘রাষ্ট্রভাষা বাংলা চাই, নইলে বাংলার রাষ্ট্র চাই’।তবে ভাষা আন্দোলনে কুমিল্লার কথা বলতে গেলে সবার আগে উঠে আসে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কথা। ১৯৪৮ সালের ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে পূর্ব বাংলার সংসদ সদস্য ও কংগ্রেস দলের প্রতিনিধি হয়ে তিনি রাষ্ট্রভাষা বাংলার পক্ষে বক্তব্য দেন। তাঁর বক্তব্যের পর ২ মার্চ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা ম্যাজিস্ট্রেট ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। আন্দোলনে জেলা তমদ্দুন মজলিস বিশাল ভূমিকা পালন করে। যুবলীগের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ।ভাষা আন্দোলনের একটি দুঃসহ স্মৃতি এখনো আমাকে তাড়া করে। একুশে ফেব্রুয়ারির মাত্র ১০ দিন আগে কুমিল্লায় নাটক করতে এসেছিলেন ভাষাসৈনিক বরকত। তিনি মার্চেন্ট অব ভেনিস নাটকে অভিনয় করেন। কুমিল্লা টাউন হলে আমরা যাঁরা নাটকটি দেখেছিলাম, তাঁদের বরকতের মৃত্যুসংবাদ খুব কষ্ট দিয়েছে।আন্দোলনের সময় পোস্টার ছাপানো বন্ধ করতে শহরের সব প্রেস বন্ধ করে দেয় সরকার। তখন আমরা কার্বন পেপার দিয়ে পোস্টার লিখতাম। পরে বাজারে লোকজনের ব্যাগে সেসব লিফলেট বা পোস্টার ঢুকিয়ে দিতাম। কান্দিরপাড়ের ভুবন চন্দ্রের মিষ্টির দোকানের পেছনে ভাষা সংগ্রাম পরিষদের অফিস ছিল। সেখান থেকে দেয়াললিখন ও পথসভার বিষয়ে সিদ্ধান্ত হতো। কুমিল্লা জিলা স্কুল ও ইউসুফ হাইস্কুলের ছাত্ররা টিনের কৌটায় করে জনগণের কাছ থেকে আন্দোলনের অর্থ সংগ্রহ করত। আমার বয়স এখন শতবর্ষ পেরিয়ে গেছে। দেশের বর্তমান অবস্থা নিয়ে দারুণভাবে শঙ্কিত আমি। সাম্প্রদায়িকতা বেড়ে গেছে। এর মূলোত্পাটন করতে হবে। এটা ঠেকাতে না পারলে গণতন্ত্র মজবুত হবে না। গণতন্ত্র না থাকলে অর্থনৈতিক মুক্তিও আসবে না। ভাষার জন্য আন্দোলন এবং দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি কেবলই দেশটা ভালো রাখার জন্য। আজকাল বাংলা বানান নিয়ে নৈরাজ্য লক্ষ করা যাচ্ছে। ভুল বানান লিখে মাতৃভাষা চর্চা করা হচ্ছে। এটা রোধ করতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকতে হবে। ভাষা আন্দোলনের ৫৮ বছরেও দেশের সব জায়গায় শহীদ মিনার গড়ে ওঠেনি। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দলের বর্তমান সরকারকে এই দাবি বাস্তবায়ন করতে হবে। আলী তাহের মজুমদার: ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও কৃষক আন্দোলনের নেতা।