ঢাকার ঘাসে তোমার স্পর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসিকে আগেও দেখেছি। প্রিটোরিয়ায়, এলিস পার্ক, সকার সিটি, পোলকওয়ানে আর কেপটাউনের মাঠে। যিনি এই গ্রহে একটা ফুটবল নিয়ে এসে পড়েছেন ভুল করে। ফুটবল পায়ে থাকলে যাঁর সংবি ৎ ফেরে কেবল অন্য গ্রহের ইশারাতেই। সেই মেসি ছিলেন ৫০-১০০ মিটার দূরের, সারা বিশ্বের। কিন্তু এ দিনের মেসি আমার সঙ্গে করমর্দনের দূরত্বে, রূপসী বাংলায়। তিনি বাংলাদেশেরও!এই তো শুভ্র জামদানি পরা তরুণীরা পুষ্পবর্ষণ করছে। তুঁতে রঙের ইউনিফর্মগুলো নিরাপত্তাব্যূহ সংকীর্ণ করতে করতে প্রায় গায়ের সঙ্গে মিশে যাচ্ছে। নাতিদীর্ঘ যে শরীরটা দৈনিক বেতন তোলে ২৮ লাখ টাকা, সেই শরীরের একটু ঘ্রাণ পেতেও তো মন আকুলি-বিকুলি করে। কিন্তু তোমার কি খেয়াল আছে? মাঠের বাইরে সেই চিরকালের লাজুক ছেলেটি। চোখে বাঙ্ময় বিস্ময়, সরু নাকের ডগায় বিন্দু বিন্দু টেনশনের ঘাম। মনে মনে বললাম, ঠিক আছে বাবা, তোমার রেশমি চুলে আমাদের কোনো মেয়ে হাত ছোঁয়াবে না। আমরা জানি তো তুমি বার্সেলোনা থেকে রোজারিওতে গেলে মা সিলিয়া মারিয়া এই চুল নেড়ে দিয়ে বলেন, আর কোনো ভাগ্যবতী মেয়ে যে তোর চুলে হাত বুলোয়! তুমি লাজুক চোখে কপট রাগে বলো, মা, ভালো হচ্ছে না কিন্তু! জানি তো ওই অধিকারটা এখন আন্তোনেলা রোক্কুজো নামের রোজারিওরই একটি মেয়ের।একেবারে হোটেলরুমে গিয়ে তোমাকে দেখার খুব ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ গোল-খরা ঘোচানোর আশায় তুমি সত্যিই কৌটাভর্তি আলফাজোর (ক্যারামেল ভরা বিস্কুট) আর মাতে (আর্জেন্টাইন চা) নিয়ে এসেছ কি না। তোমার মা আর্জেন্টিনা থেকে এসব পাঠিয়ে দেন কৌটা ভরে। সত্যি, এসব খেয়েই বার্সেলোনায় গোলের বন্যা বইয়ে দাও? দূর পৃথিবীর এই ক্রীড়া সাংবাদিক তোমার অত কাছে যাওয়ার সুযোগ ইহজীবনে পাবে বলে মনে হয় না। যে সুযোগটা তুমি ৬ সেপ্টেম্বর করে দিলে, সে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তোমার পায়ে মাড়ানো ঘাসগুলো দেখা। এই ঘাস ছুঁয়েছে তোমার পা!