ঢাকার ঘুড়ি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এখন তরতর করে উঠে যাওয়া বহুতল ভবনে ভবনে হারিয়ে গেছে আকাশ। হারিয়ে গেছে মাঠ। যান্ত্রিক জীবনযাত্রায় এ সবকিছু মিলিয়ে ফিকে হয়ে গেছ ঘুড়ি ওড়ানোর আনন্দ। কিন্তু একটা সময় ছিল, যখন পুরান ঢাকার মাঠে-ময়দানে জমজমাট উৎসব ছিল ‘গুড্ডি’ ওড়ানো উৎসব। হরেক রঙের ঘুড়িতে আকাশ হয়ে উঠত বর্ণিল। আগের মতো বিপুল আয়োজনে ঘুড়ি ওড়ানো উৎসব ইদানীং না থাকলেও ঘুড়ি ওড়ানোর আনন্দ ঢাকাবাসীর জীবন থেকে একেবারেই হারিয়ে যায়নি। এখনো মাঝেমধ্যে বিভিন্ন মহল্লার গলিঘুপচি, বাড়ির ছাদে লাটাই থেকে রঙিন ঘুড়ি উঠে যায় আকাশে। দুরন্ত কিশোরেরা মেতে ওঠে কাটাকাটি খেলায়। নাগরিক শোরগোলের মধ্যে হঠাৎ শোনা যায় আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠের ধ্বনি ‘ভোকাট্টা লোট!’এ এলাকার প্রবীণ একজন অধিবাসী মিন্টু কুমার নাথ। জানালেন, পৌষ-সংক্রান্তিতে শুরুতে ছিল পিঁঠার আয়োজন। এই সময়ে মানুষের ঘরে নতুন ধান উঠত। সংক্রান্তির আগের রাতে নারীরা হরেক রকমের পিঠা তৈরি করতেন। সেখান থেকে প্রথম পিঠাখানি রেখে দিতেন বুড়ো-বুড়ি প্রতিমার জন্য। মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনা করে সন্ধ্যায় পূজা দিতেন। সে নিয়ম আজও টিকে আছে। পৌষ ও চৈত্র-সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর উৎসব হতো।ঘুড়ি ওড়াতে মুসলিম বন্ধুরা যায় হিন্দুদের বাড়িতে, হিন্দুরা যায় মুসলিমদের বাড়িতে। এভাবে পৌষ ও চৈত্র-সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানো সর্বজনীন উৎসবে পরিণত হয়। শাঁখারীবাজারে প্রথম ‘অপঙ্গ নন্দী’ নামের একটি ঘুড়ির দোকান হয়।ঘুড়ি ওড়ানোর জন্য প্রথম প্রয়োজন লাটাইয়ের। তারপর সুতা কিনে মাঞ্জা দিতে হয়। এই সুতায় মাঞ্জা দেওয়াটাও একটা ওস্তাদি কাজ। সময়ের ব্যাপার। শিরীষ, রং, বার্লি, ডিম, বিভিন্ন গাছের ডালের কষ, ভাতের মাড় ইত্যাদির সংমিশ্রণ ঘটিয়ে প্রথমে ‘ল্যাদ্দি’ বানাতে হয়। তার আগে কাচের বোতল ভেঙে গুঁড়ো করে নিতে হয়। একে বলে ‘চুর’। ল্যাদ্দিতে সুতা ভিজিয়ে রাখতে হয়। দীর্ঘক্ষণ ভেজানোর ভেজা সুতা পর একটি লাটাইয়ে নিয়ে মাঝে বোতলে চুরের ভেতর দিয়ে অন্য একটা লাটাইয়ে পেঁচিয়ে নিতে হয়। তারপর শুকোতে হয় কড়া রোদে। এটা সারা দিনের ব্যাপার। মাঞ্জা দেওয়া সুতায় বিকেলে ঘুড়ি ওড়ানোর পালা।এই ঘুড়ির রয়েছে বিভিন্ন নাম—পঙ্খিরাজ, তেবাজ, দোবাজ, চোখদার, মালাদার, চাপরাশ, নাকপান্দক, রুমালদার,ভুয়াদার, চীনা পক্ষী, চাটাইদারসহ আছে লাল, নীল, কালো, সাদা, বিভিন্ন রঙের পতেঙ্গা ঘুড়ি।পৌষ-সংক্রান্তির মতো চৈত্র-সংক্রান্তিতেও ঢাকায় ঘুড়ি ওড়ানোর উৎসব হতো। চকবাজরে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা দেখতে অনেক লোকের সমাগম হতো তখন। কোনো ঘুুড়িকে কেটে দেওয়ার বদলে বরং গুঁতো দিয়ে ফাটিয়ে দেয়াটাই ছিল আসল বাহাদুরি। তখন ঘুড়ির নাকের দিক ফেটে যেত বলে একে ‘নাকঝুঝু’ বা ‘নাক-কাটা’ বলা হতো। জয়-পরাজয়ের সিদ্ধান্ত এই নাক-কাটার ওপর নির্ভর করত। পাট থেকে তৈরি এক ধরনের সুতা ‘নিকের’ দিয়ে ঘুড়ি ওড়ানো হতো। তারপর বিলেত থেকে সুতা এসে যাওয়ায় সেটাই ব্যবহূত হতো।